দুর্ঘটনা
তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণ, আইএসএফকে দুষল শাসক শিবির
ডিজিটাল ডেস্কঃ মাঝরাতে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপির (Kulpi) ছামনাবুনি গ্রামে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ (Explosion) ঘিরে চাঞ্চল্য ছড়াল। বিস্ফোরণের জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি, উড়ে যায় গ্যারাজের অ্যাসবেস্টসের ছাউনি (Asbestos Shed)। ঘটনায় রাত থেকেই উত্তপ্ত গোটা এলাকা।
জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা তৃণমূলের বুথ সভাপতি (Booth President) কুতুবুদ্দিন পাইকের বাড়ির গ্যারাজে রাখা ছিল গাড়িটি। শুক্রবার রাত আনুমানিক ১টা নাগাদ বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। ছুটে এসে তাঁরা দেখেন গাড়ির কাচ ভাঙা, গ্যারাজ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কুলপি থানায় (Kulpi Police Station)।
কুতুবুদ্দিন পাইকের অভিযোগ, এর আগেও তাঁর বাড়িতে বোমাবাজি (Bombing) হয়েছিল এবং এবারও আইএসএফ (ISF) ও কংগ্রেসের দিকেই সন্দেহ তাঁর। তাঁর দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে, অভিযোগ উড়িয়ে আইএসএফের পাল্টা দাবি, ভোটের আগে (Election) বোমা মজুত করে রেখেছিলেন তৃণমূল নেতা, সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে।
ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করে তদন্ত (Investigation) শুরু হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে এখনও কোনও চূড়ান্ত মন্তব্য করেনি পুলিশ। শনিবার সকালেও এলাকায় থমথমে পরিস্থিতি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
