চা বাগান থেকে গাছ উপড়ে ফেলার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
Connect with us

জেলার খবর

চা বাগান থেকে গাছ উপড়ে ফেলার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, চোপড়া, ২০ এপ্রিল : চা বাগান থেকে গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। সোমবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়

চোপড়া থানার মের্ধাবস্তি এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ গোফুরের চাবাগানের প্রায় ৫০০ চা গাছ নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিরা।এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।এমনকী চোপড়ার বিজেপি প্রার্থীর মদতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। চা বাগানের মালিক তথা স্থানীয় তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী মহম্মদ গোফুর জানিয়েছেন, প্রায় পাঁচশ চাগাছ নষ্ট করা হয়েছে। এই সমস্ত ঘটনা হয়েছে চোপড়ার বিজেপি প্রার্থী শাহীন আক্তারের মদতে। বিভিন্ন সময়ে তাকে বিজেপির পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। যদিও রাজনৈতিক দিক থেকে ঠেকাতে না পেরে এই কাজ করেছে দুষ্কৃতিরা। তার আর্থিক ক্ষতি হয়েছে এজন্য। খবর পেয়ে পুলিশের একটি পেট্রোলিং টিম এসে ঘটনাস্থল ঘুরে গিয়েছে। পাশাপাশি চোপড়া থানাতেও অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে চোপড়ার বিজেপি প্রার্থী শাহীন আক্তার। তিনি জানিয়েছেন, এটি তাদের বিরুদ্ধে আনা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বরং বিজেপি কর্মী ও সমর্থকদের হাজার হাজার গাছ উপড়ে দিয়েছে তৃণমূলে আশ্রিত দুষ্কৃতিরা।সম্প্রতি বিজেপি কর্মীদের উপর হামলা এবং হুমকি দেওয়ার ঘটনায় মহম্মদ গোফুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। এমনকী তার হুমকিমূলক বক্তব্যে নির্বাচনের আগে ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়।তারা নিজেরাই এই কাজ করে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে পাল্টা অভিযোগে সরব হয়েছেন শাহীন আক্তার।