উত্তরবঙ্গ
সিকিম দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২১ লক্ষ সহায়তা! পুজোর আগেই খুলছে ১০ চা-বাগান
ডিজিটাল ডেস্কঃ সিকিমের টানেল দুর্ঘটনায় (Tunnel Accident) প্রাণ হারানো জলপাইগুড়ি জেলার শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে (District Magistrate Office) আয়োজিত এক অনুষ্ঠানে নিহত শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সাহায্য এবং চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
সিকিমের নির্মীয়মাণ টানেল দুর্ঘটনায় (Sikkim Tunnel Accident) নিহত জলপাইগুড়ির ৯ শ্রমিকের পরিবারের হাতে এদিন সহায়তা দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার ক্ষতিপূরণ মিলিয়ে প্রতিটি পরিবার মোট ২১ লক্ষ টাকা করে পাবে।
শুধু আর্থিক সাহায্য নয়, নিহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছে রাজ্য। সাতজন স্বজনকে হোমগার্ড (Home Guard) পদে এবং শারীরিক মাপকাঠিতে ছাড় না পাওয়া চারজনকে সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার পর থেকেই সিকিম সরকারের সঙ্গে রাজ্যের নিয়মিত যোগাযোগ ছিল। উদ্ধারকার্যে সেনা, সিকিম প্রশাসন এবং বিশেষজ্ঞ দল একসঙ্গে কাজ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিন উত্তরবঙ্গ সফরে আরও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পুজোর আগেই রাজ্যের অন্তত ১০টি বন্ধ চা-বাগান (Tea Garden) খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ চা-বাগানের পুনরুজ্জীবনের জন্য ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা’য় ৩৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এছাড়াও উত্তরবঙ্গে শিল্প ও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। খাদ্য প্রক্রিয়াকরণ (Food Processing), দুগ্ধ শিল্প এবং কৃষিভিত্তিক শিল্পে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ঝুঁকি নিয়ে ভিনরাজ্যে কাজ করতে যাওয়ার প্রয়োজন নেই। রাজ্যেই ধীরে ধীরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি।
স্বাস্থ্য পরিষেবা নিয়েও একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী ১৬ অগস্ট ‘আয়ুষ্মান দিবস’ (Ayushman Day) পালনের কথা জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য নতুন উদ্যোগ নিচ্ছে।
