রাজনীতি
অভিনেতা দীপঙ্কর দে সহ একঝাঁক তারকার যোগদান তৃণমূলে
নিউজ ডেস্ক , ০৫ ফেব্রুয়ারি : ফের তারকা চমক তৃণমূলে। শুক্রবার তৃণমূল ভবনে ব্রাত্য বসুর হাত ধরে সক্রিয় রাজনীতিতে নাম লেখালেন ডাকসাইটে দুই বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে এবং ভরত কল। তবে শুধু দীপঙ্কর দে ও ভরত কল-ই নন এদিন তৃণমূলে যোগ দেন অভিনেতা ভরত কল, টেলি অভিনেত্রী লাভলি মৈত্র, উস্তাদ রসিদ খানের মেয়ে সঙ্গীতশিল্পী শাওনা খান।
শুক্রবার তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু ও অভিনেতা তথা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সোহম চক্রবর্তীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন এই তারকারা। এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা দীপঙ্কর দে জানান, তিনি যখন অসুস্থ ছিলেন তখন তাঁর হাসপাতালের খরচ বহন করে তৃণমূল সরকারই। তাই তিনি বেইমানি করতে পারবেন না। এই প্রসঙ্গে বিজেপিতে যোগ দেওয়া তারকাদের উদ্দেশ্যে তোপ দেগে ব্রাত্য বসু বলেন, “এখনো পুরোটা বিকিয়ে যায়নি। চার্টার্ড ফ্লাইট পুরোটা নিয়ন্ত্রণ করতে পারে না।”
শুধু শিল্পীরাই নন রাজ্যজুড়ে বহু তরুণ-তরুণী তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে জানান ব্রাত্য বসু। রুদ্রনীল ঘোষ সহ একাধিক জনের দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান নিয়ে কটাক্ষ করেন ব্রাত্য বসু। তিনি প্রশ্ন করেন, বিজেপি কি তবে স্থানীয় নেতাদের গুরুত্ব দিচ্ছে না? পাশপাশি কৃষক আন্দোলন নিয়ে বলিউড তারকাদের কেন্দ্রের পাশে দাঁড়ানো নিয়ে কঙ্কনা সেন শর্মার প্রসঙ্গ টেনে তোপ দাগেন ব্রাত্য বসু। দীপঙ্কর দে অবশ্য স্বীকার করে নিয়েছেন, বর্তমানে রাজনৈতিক সমর্থনের দিক দিয়ে টলিউড দুই ভাগে বিভক্ত৷ তবে দীপঙ্কর দে আত্মবিশ্বাসী, মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসছেন৷ তিনি বলেন, “বাংলা কথা শুনে রাখুন, তৃণমূলই জিতছে৷”
