মালদা
লকডাউন অমান্য করায় এক কিশোরকে মারধোরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়
নিজস্ব সংবাদদাতা, হরিশচন্দ্রপুর, ১৯ মে : লকডাউন অমান্য করায় এক কিশোরকে মারধর করার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশচন্দ্রপুর থানা এলাকার ভালুকা ফাঁড়ির অন্তর্গত গোবরাঘাট এলাকায়। স্থানীয়সুত্রে জানা গিয়েছে, প্রহৃত ওই কিশোরের নাম শেখ বেলাল।
মঙ্গলবার রাতে তার বাবা বাড়িতে খেতে যাওয়ায় নদীঘাটে নৌকা পাহাড়া দিচ্ছিল শেখ বেলাল ।সেই সময় ভালুকা ফাঁড়ির এএসআই তোফাজ্জল হক এসে তাকে আটক করে নিয়ে যায়। এরপরেই ফাঁড়িতে নিয়ে গিয়ে লক আপে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বাড়িতে নিয়ে আসার পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। মারধোরের চোটে তার হাত ভেঙ্গে যায় বলে অভিযোগ পরিবারের।
শেখ বেলাল বলে, ঘাট পাহারা দেওয়ার সময় একজন পুলিশ এসে মালিকের কথা জিজ্ঞাসা করে। সমস্ত কথা জানানোর পরেও তাকে থানায় তুলে নিয়ে যায়।বেধড়ক মারধর করে তাকে।মারধোরের চোটে তার সারা শরীর ফুলে গিয়েছে।হাতও ভেঙে গিয়েছে।ঘটনায় আহত কিশোরের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়।কিশোরের বাবা শেখ জামাল বলেন, লকডাউনের জন্য নৌকা চলাচল বন্ধ।তার ছেলে নৌকা পাহারা দিচ্ছিল।সেই সময় পুলিশ তুলে নিয়ে বেধড়ক মারধর করে। অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবীতে সরব হয়েছেন তারা।অন্যদিকে গোটা ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় দাস।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ভালুকা ফাঁড়ি ইনচার্জ সৌমজিৎ মল্লিক জানিয়েছেন, লকডাউন অমান্য করলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কাউকে ডিটেনশন করলে তারপর তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। লকআপে আনার প্রশ্ন নেই। আর এইভাবে কাউকে মারধর করা হয়নি।
