দেশ
উত্তরবঙ্গের হাসিমারা বায়ুসেনার ঘাঁটিতে শীঘ্রই মোতায়েন হবে বিধ্বংসী যুদ্ধ বিমান রাফাল
নিউজ ডেস্ক, ১২ মার্চ : চিনের দাদাগিরি রুখতে এবার আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন করা হবে বিধ্বংসী যুদ্ধবিমান রাফাল। জানা গেছে এপ্রিলের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে রাফেল নিয়ে আসা হবে।
২০১৬ সালের চুক্তি অনুযায়ী ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনার কথা ভারতের। ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে সবগুলি বিমান ভারতে এসে পৌঁছনোর কথা। চতুর্থ প্রজন্মের ‘মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্র্যাফট’ রাফালেতে রয়েছে ‘ম্যাটিওর’ বিয়ন্ড ভিস্যুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘স্কাল্প’ এবং ‘হ্যামার’ (হাইলি অ্যাজাইল অ্যান্ড ম্যানুভারেবল মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ) ক্ষেপণাস্ত্র। আকাশে উড়তে উড়তেই জ্বালানি ভরে নিতেও দক্ষ রাফালে। এখনও পর্যন্ত ভারতীয় বায়ুসেনার হাতে ১১টি রাফালে যুদ্ধবিমান এসেছে। গত বছর ২৯ জুলাই পাঁচটি রাফালে বিমান ভারতে এসেছিল। সেগুলিকে ১০ সেপ্টেম্বর আম্বালায় একটি অনুষ্ঠানের মাধ্যমে গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হয়। এরপর ৪ নভেম্বর আরও তিনটি রাফালে ফ্রান্স থেকে ভারতে আসে। আর শেষ ব্যাচটি দেশের মাটিতে এসেছিল চলতি বছরের ২৭ জানুয়ারি।
