ভাইরাল খবর
কয়লা পাচার মামলায় ধৃত আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল, পাঠানো হলো ইডি হেফাজতে
ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক মুখেই বড়সড় আইনি জটিলতায় জড়িয়ে পড়ল তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক (I-PAC)। সোমবার রাতে কয়লা পাচার মামলার (Coal Scam Case) তদন্তে গ্রেপ্তার করা হয়েছে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর তথা সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে (Vinesh Chandel)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার ভোরে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট (Patiala House Court) ভিনেশকে ১০ দিনের ইডি হেপাজতের নির্দেশ দিয়েছে।
ইডির দাবি, কয়লা পাচারের বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে পাচার করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় ভিনেশের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তদন্তকারীদের অভিযোগ, সংস্থাটি একাধিক আর্থিক অনিয়মের (Financial Irregularities) সাথে যুক্ত। নগদ অর্থ লেনদেনের জন্য দেশীয় ও আন্তর্জাতিক হাওয়ালা (Hawala) চ্যানেল ব্যবহারের পাশাপাশি ভুয়ো চালান (Fake Invoices) এবং জামানতবিহীন ঋণ (Unsecured Loans) গ্রহণের তথ্যও উঠে এসেছে। ইডি আদালতকে জানিয়েছে, এই মামলায় এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে আইপ্যাকের কলকাতা অফিস এবং অন্য এক ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হয়ে নথিপত্র সরাতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ তোলে কেন্দ্রীয় সংস্থা। এই তদন্তে বাধা দেওয়ার বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারাধীন। আগামী কয়েকদিনের মধ্যে ভিনেশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও বড় কোনো প্রভাবশালীর নাম উঠে আসে কি না, সেটাই এখন দেখার।


