রাজনীতি
‘চমকাবেন না, বাধা পেলেই থানা ঘেরাও করব’, মমতা-গড়ে পুলিশকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election) বাংলার সবচেয়ে হাই-ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। বৃহস্পতিবার সেই ‘মমতা-গড়ে’ প্রচার শুরু করতেই রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। চক্রবেড়িয়া অঞ্চলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মিছিল পৌঁছতেই তৃণমূলের কার্যালয় থেকে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। পাল্টা স্লোগান দেন বিজেপি সমর্থকরাও। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মেজাজ হারিয়ে সটান ভবানীপুর থানায় ঢুকে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে এলেন শুভেন্দু।
বিরোধী দলনেতা স্পষ্ট ভাষায় পুলিশকে জানিয়ে দেন, “চমকাবেন না। যেখানে বাধা পাব, গাড়ি ঘুরিয়ে সোজা থানায় চলে আসব।” তাঁর অভিযোগ, তৃণমূলের নির্দেশে পুলিশ বিজেপি কর্মীদের হুমকি (Threat) দিচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার (Misuse of power) করছে। তিনি দাবি করেন, প্রার্থী হিসেবে তাঁকে অবাধে প্রচার করতে দিতে হবে এবং জয় নিয়ে তিনি সম্পূর্ণ নিশ্চিত (Confident)। শুভেন্দুর কথায়, “মোদীজির নির্দেশেই আমি দুই কেন্দ্রে লড়ছি। মমতাকো হারানা জরুরি হ্যায় (মমতাকে হারানো জরুরি)।”
এদিকে, প্রচারের সমান্তরালে আইনি লড়াইও শুরু করেছেন শুভেন্দু। তাঁর বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা (Criminal Cases) রয়েছে, পুলিশ সেই তথ্য দিচ্ছে না বলে অভিযোগ তুলে তিনি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন। নির্বাচনী নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্রের (Nomination) হলফনামায় সমস্ত মামলার বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক (Mandatory)। পুলিশের অসহযোগিতার কারণে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন এই বিজেপি হেভিওয়েট প্রার্থী। সব মিলিয়ে, ভোটের আগেই ভবানীপুরের পারদ এখন তুঙ্গে।


