২০২৬-এর ডেডলাইনের আগেই ধস মাওবাদী দুর্গে, ছত্তিশগড়ে আত্মসমর্পণ করলেন ১০৮ সদস্য
Connect with us

দেশের খবর

২০২৬-এর ডেডলাইনের আগেই ধস মাওবাদী দুর্গে, ছত্তিশগড়ে আত্মসমর্পণ করলেন ১০৮ সদস্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত থেকে মাওবাদী (Maoists) সমস্যার সম্পূর্ণ বিনাশ ঘটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের ৩১ মার্চের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই নির্দিষ্ট দিনক্ষণ ঘনিয়ে আসার ঠিক আগেই ছত্তিশগড়ের বস্তারে (Bastar) মাওবাদী শিবিরে বড়সড় ধস নামল। বুধবার জগদলপুরে আয়োজিত এক অনুষ্ঠানে দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির (DKSZC) অন্তর্গত ১০৮ জন মাওবাদী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ (Surrender) করেছেন।

নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, এই ১০৮ জন মাওবাদীর মাথার ওপর সম্মিলিতভাবে ৩.৯৫ কোটি টাকার পুরস্কার (Bounty) ঘোষণা করা ছিল। আত্মসমর্পণকারীদের মধ্যে ৬ জন ডিভিশনাল কমিটির সদস্য এবং ৮ জন এরিয়া কমান্ডার রয়েছেন। এই মেগা আত্মসমর্পণের পাশাপাশি পুলিশ বিপুল পরিমাণ সম্পদ ও মারণাস্ত্র উদ্ধার করেছে। যার মধ্যে রয়েছে ৩.৬১ কোটি টাকা নগদ, ১ কেজি সোনা (বাজারদর ১.৬৪ কোটি টাকা) এবং ১০১টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র (Firearms)। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় সাতটি একে-৪৭ (AK-47), ১০টি ইনসাস (INSAS), ৪টি লাইট মেশিনগান (LMG) এবং বিজিএল লঞ্চার রয়েছে।

ছত্তিশগড় পুলিশের ডিজি জানিয়েছেন, সরকারের ‘পুনা মার্গেম’ (Puna Margom) নামক পুনর্বাসন প্রকল্পের (Rehabilitation Scheme) ওপর আস্থা রেখেই এই মাওবাদীরা সহিংসতার পথ ছেড়েছেন। বিগত কয়েক মাস ধরে নিরাপত্তা এজেন্সিগুলির (Security Agencies) সঙ্গে আলোচনার পর অবশেষে তাঁরা মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২,৭১৪ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। মধ্য ভারতে মাওবাদী দমনের ইতিহাসে এই গণ-আত্মসমর্পণ এবং অস্ত্র উদ্ধারকে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

Advertisement
ads