দেশের খবর
পুতিনের দেশে জ্বালানি সংকট! ভারতের রপ্তানিতে নতুন আন্তর্জাতিক সমীকরণ
ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে (Energy Trade) এক নজিরবিহীন ও ঐতিহাসিক সমীকরণ তৈরি হলো। বিশ্বজুড়ে জ্বালানি তেল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত হলেও, ইউক্রেন যুদ্ধের (Ukraine War) চার বছর পার হতেই তীব্র জ্বালানি সংকটে (Fuel Crisis) ধুঁকছে ভ্লাদিমির পুতিনের দেশ। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, রাশিয়ার ১১টি টাইম জোন জুড়েই রেশনিং ব্যবস্থা ও পেট্রোল পাম্পে গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে। এই চরম দুর্দিনে রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছে তাদের দীর্ঘদিনের কৌশলগত বন্ধু (Strategic Ally) ভারত।
সূত্রের খবর, সংকটের মোকাবিলায় প্রথমবারের মতো ভারত থেকে সমুদ্রপথে (Sea Route) পেট্রোল আমদানি শুরু করেছে মস্কো। ইতিমধ্যে দুটি ট্যাঙ্কারের (Tankers) মাধ্যমে প্রায় ৬০,০০০ মেট্রিক টন পেট্রোল রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে ভারতের কোন তেল শোধন সংস্থা (Refining Company) এই জ্বালানি সরবরাহ করছে, তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় পেট্রোলিয়াম মন্ত্রক বা রুশ শক্তি মন্ত্রকও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
ইউক্রেনের ক্রমাগত ড্রোন হামলার (Drone Attacks) জেরে রাশিয়ার একাধিক তৈল শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির অভ্যন্তরীণ পেট্রোল উৎপাদন দৈনিক ১ লক্ষ ২০ হাজার টন থেকে কমে বর্তমানে প্রায় ৯০ হাজার টনে নেমে এসেছে। অথচ গ্রীষ্মের মরশুমে (Summer Season) রাশিয়ায় দৈনিক পেট্রোলের চাহিদা থাকে কমপক্ষে ১ লক্ষ ১০ হাজার টন। ফলে বাজারে প্রায় ২০ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে। রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোলে গত এক সপ্তাহে পেট্রোলের দাম প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই পরিস্থিতি সামাল দিতে রাশিয়া প্রতি মাসে বিভিন্ন দেশ থেকে মোট ৪ লক্ষ মেট্রিক টন পেট্রোল আমদানির পরিকল্পনা করেছে। প্রতিবেশী রাষ্ট্র বেলারুশের পাশাপাশি এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতও। রাশিয়ার পার্লামেন্ট (Parliament) ইতিমধ্যে কর আইনে সংশোধনী এনে বিদেশ থেকে পেট্রোল আমদানিতে বিশেষ ভর্তুকির (Subsidy) অনুমোদন দিয়েছে। যেখানে ভারত থেকে জ্বালানি পরিবহনের খরচকে (Transportation Cost) ভিত্তি ধরা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, একদিকে ভারত যেখানে নিজের প্রয়োজনের অর্ধেক রুশ তেল আমদানি করছে, অন্যদিকে উল্টো পথে ভারতে তৈরি পেট্রোল রাশিয়ায় যাওয়া— আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
