'হাউস অ্যারেস্ট' করার অভিযোগ মমতার! 'সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ' পাল্টা খোঁচা দিলীপ ঘোষের
Connect with us

ভাইরাল খবর

‘হাউস অ্যারেস্ট’ করার অভিযোগ মমতার! ‘সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ’ পাল্টা খোঁচা দিলীপ ঘোষের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের (Rape and Murder) ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এই উত্তপ্ত পরিস্থিতির আঁচ এবার এসে পড়ল কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে। নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে যাওয়ার আগেই রবিবার রাতে তাঁর বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী।

এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল নেত্রী ফেসবুক লাইভে (Facebook Live) এসে অভিযোগ করেন, তাঁকে বারুইপুরে যেতে বাধা দিতেই মুখে কিছু না বলে কার্যত ‘হাউস অ্যারেস্ট’ বা নজরবন্দি (House Arrest) করে রাখা হয়েছে। তাঁর প্রশ্ন, “এখানে কোনও ১৪৪ ধারা (Section 144) নেই, তবে কেন ১০০০ পুলিশ, সিআরপিএফ (CRPF) এবং গুন্ডা দমন শাখা রুটমার্চ করছে? আমরা কি চোর না ডাকাত?” তৃণমূলের আইটি সেল (IT Cell) এই পুলিশি তৎপরতার ছবি সমাজমাধ্যমে প্রকাশ করলে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়। যদিও রবিবার গভীর রাতে এই বাহিনী কিছুটা কমানো হলেও, সোমবার সকাল ৯টার পর থেকে পুনরায় নিরাপত্তা জোরদার করা হয়।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নজরবন্দির অভিযোগকে সম্পূর্ণ খণ্ডন করেছেন রাজ্যের বর্তমান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বিজেপির (BJP) বিরোধী আন্দোলনের দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি কটাক্ষের সুরে বলেন, “আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন আমাদের ওপর কীভাবে হামলা হতো এবং কালো পতাকা (Black Flag) দেখানো হতো, আমরা ভুলিনি। বিরোধী দলে থাকার অভিজ্ঞতা এমনই হয়।” প্রাক্তন মুখ্যমন্ত্রীর গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ উড়িয়ে তিনি আরও যোগ করেন, ইদানীং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটছে। সেই প্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্মানের স্বার্থেই এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ (Precautionary Measure) নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এবং বিরোধী দল তৃণমূলের মধ্যে দ্বৈরথ চরমে পৌঁছেছে।

Continue Reading
Advertisement ads