নিয়ম ভেঙে মাইক্রো অবজারভার নিয়োগ, সিইসি জ্ঞানেশ চিঠি মমতার
Connect with us

ভাইরাল খবর

নিয়ম ভেঙে মাইক্রো অবজারভার নিয়োগ, সিইসি জ্ঞানেশ চিঠি মমতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে চলমান এসআইআর (SIR – Special Intensive Revision) প্রক্রিয়ার মধ্যেই ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার ঠিক আগে মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের কাছে তিন পাতার একটি চিঠি পাঠিয়ে নিয়ম ভেঙে মাইক্রো অবজার্ভার (Micro Observer) নিয়োগের অভিযোগ তুলেছেন তিনি।

চিঠিতে মুখ্যমন্ত্রী জানান, এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্যে পরপর ছ’বার কমিশনকে চিঠি দেওয়া হলেও একটিরও জবাব মেলেনি। জনস্বার্থে কমিশনের একাধিক কার্যপদ্ধতির ত্রুটির কথা আগেই তুলে ধরা হয়েছিল। এবার তাঁর অভিযোগ, মাইক্রো অবজার্ভার নিয়োগের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে।

মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে ১৯৫০ সালের রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট (Representation of the People Act, 1950) এবং ১৯৬০ সালের রেজিস্ট্রেশন অফ ইলেকটরস রুলস (Registration of Electors Rules, 1960) উল্লেখ করেন। সেই আইন অনুযায়ী ভোটার তালিকা যাচাইয়ের দায়িত্ব ERO ও AERO-র। কিন্তু তাঁদের কাজের উপর ‘নজরদারি’র জন্য মাইক্রো অবজার্ভার নিয়োগ কোন আইনের আওতায় পড়ে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

মমতার দাবি, আইন সংশোধন না করে নতুন পদ তৈরি করার কোনও এক্তিয়ার নির্বাচন কমিশনের নেই। চিঠির শেষে তিনি বলেন, এসআইআর পদ্ধতির ফলে সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে হয়রানির শিকার হচ্ছেন, তাই এই প্রক্রিয়া দ্রুত বন্ধ করা প্রয়োজন।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads