দেশের খবর
আজ থেকেই নয়া জিএসটি কার্যকর, কোন সিগারেটে কত দাম বাড়ল জানুন
ডিজিটাল ডেস্কঃ আজ, ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হল তামাকজাত পণ্যের উপর নতুন জিএসটি (GST – Goods and Services Tax) ও অতিরিক্ত শুল্ক ব্যবস্থা। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে অতিরিক্ত কর আরোপের ঘোষণা করেছিলেন, তা আজ থেকেই বাস্তবায়িত হচ্ছে। এর ফলে বিড়ি, সিগারেট, গুটকা, পানমশলা-সহ (Pan Masala) একাধিক তামাকজাত পণ্যের দাম একধাক্কায় অনেকটাই বেড়ে গেল।
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার তামাক ও সংশ্লিষ্ট পণ্যকে ‘পাপ পণ্য’ (Sin Goods) হিসেবে চিহ্নিত করেছে। নতুন জিএসটি কাঠামোয় এই পণ্যগুলিই হতে চলেছে সবচেয়ে বেশি করযুক্ত সামগ্রী। এর মধ্যে রয়েছে তামাক, গুটকা (Gutkha), পানমশলা, মদ (Liquor) ও কোল্ড ড্রিঙ্ক (Cold Drink)। গত ডিসেম্বরেই সংসদে দুটি আলাদা বিল পাশ হয়, যার মাধ্যমে পানমশলা উৎপাদনে নতুন সেস (Cess) এবং তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত এক্সাইজ ডিউটি (Excise Duty) আরোপের রাস্তা খুলে যায়।
নতুন কাঠামো অনুযায়ী, সিগারেটের উপর ৪০ শতাংশ জিএসটি বসছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ‘হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস’ (Health and National Security Cess) এবং অতিরিক্ত এক্সাইজ ডিউটি। আগে যেখানে ২৮ শতাংশ জিএসটি ও ক্ষতিপূরণ সেস মিলিয়ে মোট কর ছিল প্রায় ৫৩ শতাংশ, এবার একাধিক স্তরের কর আরোপে সেই হার আরও বেড়েছে।
সিগারেটের সম্ভাব্য মূল্যবৃদ্ধি (৪০% GST)
-
ছোট নন-ফিল্টারড (৬৫ মিমি পর্যন্ত): ২.০৫ টাকা
-
ছোট ফিল্টারড (৬৫ মিমি পর্যন্ত): ২.১০ টাকা
-
মাঝারি (৬৫–৭০ মিমি): ৩.৬–৪ টাকা
-
বড় (৭০ মিমির উপর): ৫.৪ টাকা পর্যন্ত
-
কিং সাইজ ও বিশেষ ডিজাইন: ৮.৫ টাকা পর্যন্ত
গুটকা (৯১ শতাংশ), পানমশলা (৮৮ শতাংশ) ও অন্যান্য তামাকজাত পণ্যও এই মূল্যবৃদ্ধির আওতায়। যদিও বিড়িতে জিএসটি কমে ১৮ শতাংশ করা হয়েছে, তবুও সামগ্রিকভাবে তামাকজাত পণ্যের দাম বাড়ছে। সব মিলিয়ে ফেব্রুয়ারির শুরুতেই সাধারণ মানুষের দৈনন্দিন খরচে এর প্রভাব পড়তে চলেছে।
