কাজ ও সম্পর্ক থেকে বিরতির ঘোষণা নেহা কক্করের, কী ঘটল গায়িকার সঙ্গে?
Connect with us

বিনোদন

কাজ ও সম্পর্ক থেকে বিরতির ঘোষণা নেহা কক্করের, কী ঘটল গায়িকার সঙ্গে?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: হঠাৎই কাজ, সম্পর্ক ও সমস্ত দায়দায়িত্ব থেকে বিরতির (Break from Work and Relationships) ঘোষণা করে মিউজিক ইন্ডাস্ট্রিতে তোলপাড় ফেলে দিলেন জনপ্রিয় গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। সোমবার ইনস্টাগ্রামে (Instagram Post) ধারাবাহিক আবেগঘন পোস্ট শেয়ার করে তিনি জানান, আপাতত সবকিছু থেকে সরে দাঁড়াতে চান এবং আদৌ আবার ফিরবেন কি না, তা নিয়েও তিনি নিশ্চিত নন।

নেহা লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ—সবকিছু থেকেই বিরতি নেওয়ার সময় এসেছে। এই মুহূর্তে বিরতি ছাড়া আর কিছু ভাবতে পারছি না।” একইসঙ্গে পাপারাজ্জি (Paparazzi) ও অনুরাগীদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানিয়ে গায়িকার বার্তা, “দয়া করে আমাকে এখন ক্যামেরাবন্দি করবেন না। আমার গোপনীয়তা (Privacy) ও মানসিক শান্তিকে সম্মান করুন।”

এই পোস্ট ভাইরাল হতেই শুরু হয় জোর জল্পনা। বিশেষ করে ছয় বছরের ছোট স্বামী রোহনপ্রীত সিংয়ের (Rohanpreet Singh) সঙ্গে নেহার দাম্পত্য জীবন নিয়েই প্রশ্ন উঠতে থাকে। তবে দ্রুত সেই গুঞ্জনে ইতি টানেন নেহা নিজেই। তিনি স্পষ্ট জানান, তাঁর এই মানসিক অবস্থার সঙ্গে স্বামী বা পরিবারের কোনও সম্পর্ক নেই। নেহার কথায়, “আমার স্বামী ও পরিবার সম্পূর্ণ নিরীহ। আজ আমি যা কিছু, ওদের জন্যই সম্ভব হয়েছে।”

তাহলে কী কারণে এতটা ভেঙে পড়া? নেহা জানান, তিনি কিছু মানুষ ও একটি নির্দিষ্ট ‘সিস্টেম’-এর (System) উপর ক্ষুব্ধ ও হতাশ। যদিও সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে আপাতত তিনি অনিচ্ছুক।

Advertisement
ads

এই আবেগঘন পোস্টকে কেউ কেউ ‘পাবলিসিটি স্টান্ট’ (Publicity Stunt) বলেও কটাক্ষ করেন। তার জবাবে নেহা স্বীকার করেন, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া তাঁর উচিত হয়নি। মানসিক অবস্থার কারণেই তিনি পোস্টগুলি করেছিলেন বলে জানান এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য দুঃখপ্রকাশ করেন।

উল্লেখ্য, ‘ইন্ডিয়ান আইডল’ (Indian Idol) থেকে সংগীতজগতে উত্থান নেহা কক্করের। ‘কালা চশমা’, ‘লন্ডন ঠুমকদা’-র মতো একাধিক হিট গানের মাধ্যমে তিনি আজ বলিউডের অন্যতম পরিচিত কণ্ঠ। আপাতত তাঁর এই বিরতি কতদিনের, তা নিয়েই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।