ভাইরাল খবর
‘SIR আতঙ্কে’ চাঞ্চল্য! ভোটার লিস্টে ভুল নাম, আর তার জেরেই কি মৃত্যু?
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ফের ‘এসআইআর আতঙ্কে’ (SIR Panic) মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের ভগবানগোলায় (Bhagwangola) প্রয়াত হলেন ৬০ বছরের বৃদ্ধ ইরফান খান (Irfan Khan)। পরিবারের দাবি, ভোটার তালিকায় (Voter List) নিজের নামের ভুল দেখে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি তীব্র মানসিক চাপে—এবং সেই আতঙ্কই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাহাদুরপুর মিয়াপাড়া গ্রামের বাসিন্দা ইরফান খানের ২০০২ সালের নথিতে তাঁর নাম ঠিকই ছিল। কিন্তু ২০২৫ সালের ভোটার নথিতে তাঁর নাম পরিবর্তিত হয়ে হয়ে যায় ‘আকালি খান’ (Akali Khan)। কীভাবে এই ভুল সংশোধন (Correction) হবে, কোন দফতরে যোগাযোগ করতে হবে—এসব কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি। এর মধ্যেই রাজ্যে শুরু হয় SIR প্রক্রিয়া, আর সেই আবহেই আতঙ্ক আরও বাড়তে থাকে বৃদ্ধের মনে।
পরিবারের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে ইরফান খান বিভিন্ন অফিসে দৌড়ঝাঁপ করেছেন, চেষ্টা করেছেন সঠিক নথি (Proper Documents) সংগ্রহ করতে। কিন্তু কোনও সমাধান পাননি। প্রতিটি দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ভয়, চাপ ও মানসিক ক্লান্তি আরও বাড়তে থাকে। বৃহস্পতিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি, পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
শুক্রবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, এ ধরনের ভুল নথি বহু মানুষের ক্ষেত্রেই রয়েছে, ফলে আতঙ্ক আরও বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, প্রশাসনিক ভুলের কারণে সাধারণ মানুষ অকারণে সমস্যায় পড়ছেন।
গ্রামবাসীদের দাবি—ভোটার নথির ভুল যেন দ্রুত সংশোধন করা হয়, আর SIR নিয়ে অযথা আতঙ্ক তৈরি না হয় সেই বিষয়ে প্রশাসনকে নজর দিতে হবে।


