দুর্ঘটনা
বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু, নাম না করে দায়ে ইঙ্গিত স্ট্যালিনের
ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুতে বিজয়ের (Vijay) রাজনৈতিক জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু, এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin) সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানালেন – ‘দুর্ঘটনা নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য নয়’। তবে তিনি সরাসরি নাম না করলেও, বিজয় এবং তার নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাযাগম’ (Tamizhaga Vetri Kazhagam – TVK)-কে কার্যত দায়ী করেন এই প্রাণঘাতী অব্যবস্থার জন্য।
স্ট্যালিন বলেন, “আমি কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাই না। কমিশনের (Commission) রিপোর্টের উপর ভিত্তি করেই যেকোনও পদক্ষেপ নেওয়া হবে।” বিজয়ের সম্ভাব্য গ্রেফতারি (Arrest) নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন তিনি।
এরপর মুখ্যমন্ত্রী বলেন, “একটি রাজনৈতিক দলের আয়োজিত অনুষ্ঠানে অব্যবস্থার (Mismanagement) কারণে এত মানুষের প্রাণহানি হয়েছে, এমন ঘটনা আর কোথাও ঘটুক, তা চাই না।” তিনি মৃতদের পরিবার এবং আহতদের জন্য আগেই ঘোষিত আর্থিক সাহায্যের কথাও এদিন ফের উল্লেখ করেন।
কীভাবে ঘটল ভয়াবহ এই দুর্ঘটনা?
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। বিজয়ের রাজনৈতিক জনসভায় অনুমতি ছিল ৩০ হাজার মানুষের, কিন্তু সেখানে জমা হয়ে যায় প্রায় ৬০ হাজার মানুষ। বিকেল থেকে প্রচণ্ড গরমের (Heat) মধ্যে বহু মানুষ অপেক্ষায় ছিলেন। অভিযোগ, বিজয় প্রায় ছয় ঘণ্টা দেরিতে মঞ্চে (Stage) আসেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বক্তৃতা (Speech) শুরু করতেই, হাজার হাজার সমর্থক হঠাৎ করে মঞ্চের দিকে ছুটে যান। ফলে নিয়ন্ত্রণ হারায় ভিড়, শুরু হয় ধাক্কাধাক্কি (Pushing), হুড়োহুড়ি (Stampede)। বহু মানুষ পড়ে গিয়ে পদপিষ্ট হন, এমনকি শিশুরাও ছিটকে যায় অভিভাবকদের থেকে।
এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৯। এদের মধ্যে একাধিক শিশু রয়েছে। বহু মানুষ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে (Hospital) ভর্তি রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
তদন্তে কমিশন গঠন
তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশান (Justice Aruna Jagadeesan)-এর নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছে। শনিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত রিপোর্ট (Report) চেয়ে পাঠানো হয়েছে।


