ভাইরাল খবর
৯ বছর অপেক্ষার পর রাজ্যে এসএসসি পরীক্ষা,একমাসের সন্তানকে কোলে নিয়ে রায়গঞ্জের পরীক্ষাকেন্দ্রে হাজির পরীক্ষার্থী
ডিজিটাল ডেস্কঃ নয় বছরের দীর্ঘ অপেক্ষা শেষে যখন সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত এসএসসি (SSC) পরীক্ষা, তখন রায়গঞ্জে ধরা পড়ল এক অনন্য, হৃদয়ছোঁয়া দৃশ্য। জীবনের কঠিনতম মুহূর্তে দায়িত্ব ও স্বপ্নকে একসাথে বয়ে চলার এক দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাজার ঝুম্পি মাহাতো।
মাত্র এক মাসের সন্তানকে কোলে নিয়েই হাজির হলেন তিনি পরীক্ষাকেন্দ্রে (Exam Centre)। না, কেউ তাঁকে বাধা দিতে পারেনি। কারণ তাঁর চোখে ছিল স্বপ্নের দীপ্তি, মনে ছিল দায়িত্ব (Responsibility) আর সংগ্রামের দৃঢ় প্রতিজ্ঞা।
ঝুম্পির এই উপস্থিতি দেখে আবেগে ভেসেছে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত সকলেই।
একদিকে সদ্যোজাত সন্তানকে আগলে রাখার নিরবচ্ছিন্ন দায়িত্ব, অন্যদিকে জীবনের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে এমন একটি পরীক্ষা — এই দুইয়ের মাঝে যে লড়াই ঝুম্পি চালিয়ে যাচ্ছেন, তা নিঃসন্দেহে অনুপ্রেরণার (Inspiration) প্রতীক।
পরীক্ষার আগেই আমাদের প্রতিনিধি সুমন মুখোমুখি হন ঝুম্পির। সুমনের প্রশ্নের উত্তরে তিনি বলেন,
“সন্তান তো আমার জীবনের একটি অংশ, কিন্তু নিজের স্বপ্নও ফেলে রাখতে পারি না। দুটোকেই একসাথে নিয়ে চলার চেষ্টা করছি।”
এই সাহসী ও মানবিক দৃশ্য যেন এক নিঃশব্দ বার্তা — স্বপ্নের পথে চলা কখনও থেমে যায় না, যদি ইচ্ছে থাকে অটুট।


