ধর্ম
দুর্গাপুজোয় বড় চমক, পুজো কমিটিগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ প্রতিশ্রুতি রক্ষা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দুর্গাপুজোর আগেই রাজ্যের পুজো উদ্যোক্তাদের মুখে হাসি ফোটালেন তিনি। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এবছর সমস্ত পুজো কমিটিকে দেওয়া হবে ১ লক্ষ ১০ হাজার টাকা করে সরকারি অনুদান। গত বছরের তুলনায় যা ২৫ হাজার টাকা বেশি।
শুধু অনুদানই নয়, পুজো উদ্যোক্তাদের জন্য আরও একাধিক সুবিধা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ খরচে ৮০ শতাংশ ছাড়, ফায়ার লাইসেন্স ও অন্যান্য সরকারি ফি সম্পূর্ণ মকুব করা হয়েছে। বৈঠকে উপস্থিত উদ্যোক্তাদের উদ্দেশে মমতা বলেন, “সকলেই যেন সুন্দরভাবে পুজো করেন, আর দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ নজর রাখেন।”
বৈঠকে মুখ্যমন্ত্রী রসিকতা করেও উদ্যোক্তাদের সঙ্গে কথোপকথন করেন। প্রথমে জানান, “এবার ৯০ হাজার থাক।” উদ্যোক্তারা আপত্তি জানাতেই তিনি হেসে বলেন, “তাহলে এক লক্ষ ১০ হাজার টাকা দেওয়া হবে।” কলকাতা ও জেলার সব পুজো কমিটিই এই অনুদান পাবে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ ‘জয় বাংলা বনাম জয় শ্রী রাম’ বচসা লোকসভায় পৌঁছল, শুভেন্দুকে নিশানা মহুয়া মৈত্রের
এছাড়া পুজোর বিসর্জনের দিনও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী— ২, ৩ ও ৪ অক্টোবর সাধারণ বিসর্জন, আর ৫ অক্টোবর হবে গ্র্যান্ড কার্নিভাল।
সরকারি অনুদানকে কেন্দ্র করে পূর্বে আইনি লড়াইয়ের প্রসঙ্গও এদিন টেনে আনেন মমতা। কটাক্ষ করে বলেন, “আমি পুজোয় টাকা দিলেও ওদের (বিরোধীদের) আপত্তি। মামলা পর্যন্ত করেছিল। আরে, পুজোয় সবাই আনন্দ করে। একটু সাহায্য করলে পুজোটা ভালো হলে ক্ষতি কোথায়?”
রাজ্যের সবচেয়ে বড় উৎসবের আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছড়িয়েছে পুজো উদ্যোক্তাদের মধ্যে। এবার শারদোৎসব আরও আনন্দঘন হয়ে উঠবে বলেই আশাবাদী তাঁরা।
