ভাইরাল খবর
‘জয় বাংলা বনাম জয় শ্রী রাম’ বচসা লোকসভায় পৌঁছল, শুভেন্দুকে নিশানা মহুয়া মৈত্রের
ডিজিটাল ডেস্কঃ ‘জয় বাংলা বনাম জয় শ্রী রাম’ স্লোগান বিতর্ক এবার রাজ্যের সীমা ছাড়িয়ে পৌঁছল দেশের সংসদে। পুরশুড়ার কাদামাটি মাখা রাস্তায় তৃণমূল সমর্থক ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মধ্যে হওয়া বচসা নিয়ে বৃহস্পতিবার লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।
লোকসভায় জমা দেওয়া অভিযোগপত্রে মহুয়া মৈত্র স্পষ্ট ভাষায় লেখেন, “একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সাধারণ মানুষকে কেবল ‘জয় বাংলা’ স্লোগান তোলার জন্য হুমকি দিচ্ছেন।” তাঁর দাবি, শুভেন্দুর হুঁশিয়ারির সঙ্গে যুক্ত রয়েছে কেন্দ্রীয় বাহিনীর আচরণও। অভিযোগ, শুভেন্দুর নিরাপত্তারক্ষী বা কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা গাড়ি থেকে নেমে ওই গ্রামবাসীকে ভয় দেখানোর চেষ্টা করেছেন।
মহুয়া মৈত্রের বক্তব্য, “‘জয় বাংলা’ কেবল স্লোগান নয়, এটি বাংলার সংস্কৃতি ও রাজনৈতিক পরিচয়ের অংশ। বিরোধী দলনেতার এই আচরণ কার্যত কণ্ঠরোধের নজির।”
আরও পড়ুনঃ ‘হিন্দুরা সন্ত্রাসবাদী হতে পারে না’, মালেগাঁও রায় টেনে কংগ্রেসের ‘হিন্দু টেরর’ তত্ত্বে তোপ বিজেপির
সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-এর দিকেও কটাক্ষ করেন। মহুয়ার অভিযোগ, “যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের পরিস্থিতি সামলাতে ব্যর্থ, সীমান্ত সুরক্ষাতেও ব্যর্থ, তখন কেন্দ্রীয় বাহিনীকে সাধারণ মানুষের ভয় দেখাতে ব্যবহার করা হচ্ছে। এই আচরণের দায় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তি পেতে পারেন না। তাঁর পদত্যাগ করা উচিত।”
পরে সংবাদমাধ্যমে মহুয়া বলেন, “পহেলগাঁও হামলার সময় এক ঘণ্টা পর্যন্ত নিরাপত্তা বাহিনী দেখা যায়নি। অথচ গ্রামে বিরোধী দলনেতা একজন গরিব মানুষকে হুমকি দিচ্ছেন, আর বাহিনী তাতে মদত দিচ্ছে। এটা কি স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ?”
এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতাদের আচরণ গণতান্ত্রিক পরিবেশকে কলঙ্কিত করছে। অন্যদিকে, বিজেপি সূত্রে পাল্টা দাবি, বিষয়টি রাজনীতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভুয়ো প্রচার ছাড়া কিছু নয়।
