ভাইরাল খবর
“নবাগতদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা হত”— তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতিকে শোকজ তৃণমূলের
ডিজিটাল ডেস্কঃ র্যাগিং (Ragging) ইস্যুতে ফের বিতর্কে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সহ-সভাপতি সৌভিক রায় (Souvik Roy)। বছর দেড়েক আগে হাওড়ার নরসিংহ দত্ত কলেজের (Narsingha Dutta College) ইউনিয়ন রুমে প্যান্ট খুলিয়ে নবাগত ছাত্রদের উপর নিপীড়নের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সময় কলেজ কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়েছিল, এমনকি কলেজ পাস করা সৌভিক রায়কে ক্যাম্পাসে ঢোকাও নিষিদ্ধ করা হয়েছিল।
কিন্তু সম্প্রতি কসবা ল কলেজের (Kasba Law College) ধর্ষণকাণ্ডের পর রাজ্যের কলেজ রাজনীতি ফের আলোচনার কেন্দ্রে উঠে আসতেই, নরসিংহ দত্ত কলেজের প্রাক্তন র্যাগিং ঘটনা নিয়েও মুখ খুলেছেন ছাত্রদের একাংশ। সামনে এসেছে একটি ভিডিও, যেখানে ছাত্রদের হেনস্থার দৃশ্য এবং সৌভিক রায়ের তিরস্কার করার মুহূর্ত একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ভিডিও ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়।
আরও পড়ুনঃ “বাংলার পরিচয় মুছে ফেলার চক্রান্ত!” NRC নোটিসে উত্তাল রাজ্য, বিজেপিকে তোপ মমতার
বিরোধী ছাত্র সংগঠনগুলি বিষয়টি তুলে ধরে সৌভিকের বিরুদ্ধে আক্রমণ শানায়। কংগ্রেসের ছাত্র পরিষদ (Chhatra Parishad) ও এসএফআই (SFI) এ নিয়ে আন্দোলনে নামে। পাল্টা প্রতিক্রিয়ায় সৌভিক দাবি করেন, “এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। ভোটের আগে আমাকে কালিমালিপ্ত করতে চায় বিরোধীরা। যেভাবে ভিডিওতে দুই ভিন্ন ঘটনার ছবি জুড়ে দিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে, তা উদ্দেশ্যপ্রণোদিত।”
সৌভিক আরও জানান, “আমি কলেজ পাস করেছি বহুদিন আগে। এখন আর নিয়মিত কলেজে যাই না। তবে কোনও ইস্যু থাকলে ডাক পেলে যাই মাত্র।” তিনি বলেন, “এক সময় এক নবাগত ছাত্র কলেজের ব্লগে ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করেছিল। সেই নিয়ে বকাঝকা করেছিলাম, তারই ভিডিও এখন ব্যবহার করে মিথ্যে র্যাগিংয়ের গল্প বানানো হচ্ছে।”
এদিকে কলেজের অধ্যক্ষ সোমা বন্দ্যোপাধ্যায় (Soma Bandopadhyay) জানিয়েছেন, “অভিযোগ পাওয়ার পরেই আমরা ব্যবস্থা নিয়েছিলাম। সৌভিককে কলেজে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে সে আর আসেওনি।”
পুরনো ঘটনা ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ রাজনীতি। সৌভিককে শোকজ করেছে তৃণমূল ছাত্র পরিষদ এবং তিনি জানান, যথাসময়ে তার জবাব দেবেন।
