ভাইরাল খবর
কসবাকাণ্ডের মাঝেই ফের নারী নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
ডিজিটাল ডেস্কঃ কসবা ল কলেজ (Kasba Law College) গণধর্ষণকাণ্ডে যখন রাজ্য উত্তাল, ঠিক তখনই নদিয়ার শান্তিপুর (Shantipur) থেকে উঠে এল আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় ব্লক ‘এ’-এর তৃণমূল নেতা সুব্রত সরকারের (Subrata Sarkar) বিরুদ্ধে এক তরুণী নারী নির্যাতনের (Woman Assault) অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের ২৩ মে সুব্রতের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু পরে জানা যায়, সুব্রতের আগে থেকেই এক স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এই সত্য গোপন করেই নাকি তিনি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই থেকেই শুরু হয় তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন। শুধু তাই নয়, অভিযোগ, সুব্রত তাঁকে অ্যাসিড মারার ও ট্রাকের তলায় ফেলে খুন করার হুমকি দিয়েছেন।
তরুণীর আরও অভিযোগ, বিয়ের পর সুব্রত আবার তৃতীয় এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সম্পর্ক নিয়ে প্রশ্ন করলেই নাকি অত্যাচার আরও বেড়ে যায়। পাশাপাশি শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও তাঁর উপর চাপ সৃষ্টি করতে থাকেন। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে শান্তিপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর দাবি, সুব্রতের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুব্রত সরকার (TMC Leader Subrata Sarkar)। তাঁর বক্তব্য, “আমার রাজনৈতিক পরিচিতিকে কালিমালিপ্ত করতেই ষড়যন্ত্র করা হচ্ছে। সব অভিযোগ ভিত্তিহীন।”
এই প্রসঙ্গে শান্তিপুর তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “সুব্রত সক্রিয় দলীয় কর্মী হলেও, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। দল এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেবে না।”
ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। ফের শাসকদলের নেতাকে ঘিরে নারী নির্যাতনের অভিযোগে রাজনীতির ময়দানে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।
