ভাইরাল খবর
কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্যে ধাক্কা! দলের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন মদন মিত্র
ডিজিটাল ডেস্কঃ কসবায় (Kasba) আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় (Kasba Law College Rape) যখন রাজ্য উত্তাল, সেই সময় বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন কামারহাটির (Kamarhati) তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। ঘটনার জেরে তৃণমূলের (TMC) রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Bakshi) তরফে তাঁকে পাঠানো হয় শোকজ চিঠি। তাতে তিনদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ থাকলেও, আগেভাগেই সোমবার রাতেই লিখিত জবাব দিয়ে ক্ষমা চাইলেন মদনবাবু।
চিঠিতে তিনি স্পষ্ট জানান, “আমার বক্তব্যে যদি দলের ভাবমূর্তিতে কোনওরকম আঘাত এসে থাকে, তবে আমি নিঃশর্তভাবে দুঃখপ্রকাশ করছি ও ক্ষমাপ্রার্থী।” একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে তিনি দলীয় অনুশাসন মেনে চলবেন এবং বক্তব্য রাখার ক্ষেত্রে আরও বেশি সংযত থাকবেন। সূত্রের খবর, চিঠিতে তিনি তাঁর মন্তব্যের প্রেক্ষাপটও ব্যাখ্যা করেছেন।
আরও পড়ুনঃ কসবাকাণ্ডের মাঝেই ফের নারী নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
প্রসঙ্গত, কসবায় আইনের এক ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনায় যখন তদন্ত চলছে, তখন মদন মিত্র এক অনুষ্ঠানে নির্যাতিতার পোশাক ও চালচলন নিয়ে মন্তব্য করেন। তাঁর কথায় জনমত তীব্র প্রতিক্রিয়া জানায়। বিরোধীরা তৃণমূলের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলে।
দলের পক্ষ থেকেও তাঁর মন্তব্যে বিরক্তি প্রকাশ করা হয়। ফলে, দলকে অস্বস্তি থেকে মুক্ত করতেই শেষ পর্যন্ত আত্মসমালোচনার পথে হাঁটলেন মদন মিত্র। যদিও এই একই কাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) একটি মন্তব্যও বিতর্কের জন্ম দেয়, যদিও দল তাঁকেও সতর্ক করেছিল।
এই ঘটনায় স্পষ্ট, তৃণমূল নেতৃত্ব এই স্পর্শকাতর মামলায় কোনও নেতার বেপরোয়া বক্তব্যকে প্রশ্রয় দিতে রাজি নয়।
