রাজনীতি
‘ভিত্তিহীন অপপ্রচার’— বিজেপিকে এক কোটি টাকার নোটিস পাঠালেন তৃণমূল যুবনেতা সার্থক
ডিজিটাল ডেস্কঃ কসবা ল কলেজ গণধর্ষণ কাণ্ডে (Kasba Law College Case) মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে আড়াল করার অভিযোগে নাম জড়ায় দক্ষিণ কলকাতার তৃণমূল যুব নেতা সার্থক বন্দ্যোপাধ্যায়ের (Sarthak Banerjee)। অভিযোগ তোলে বিজেপি (BJP)। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিপুল বেআইনি সম্পত্তির মালিক হওয়ার অভিযোগও প্রকাশ্যে আনে গেরুয়া শিবির। শুধু তাই নয়, মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ‘ভাইপো গ্যাং’-এর তালিকা প্রকাশ করে যে ১১ জনের নাম উল্লেখ করেন, তাতেও ছিলেন সার্থক। এবার আইনি পথে পাল্টা চাপ তৈরি করলেন সার্থক।
এক কোটি টাকার মানহানির মামলা (Defamation Suit) করেছেন তিনি বিজেপির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে সার্থক লেখেন, “আমার এবং আমার পরিবারের নামে সম্পত্তি সংক্রান্ত যে কুৎসিত ও ভিত্তিহীন প্রচার চালানো হয়েছে, তা শুধু সম্মানহানিকর নয়, সামাজিকভাবে আমাকে অপদস্থ করার চেষ্টা।”
তিনি আরও জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে বিজেপিকে সমস্ত কুৎসিত ও মিথ্যা পোস্ট সরিয়ে নিতে হবে। তা না হলে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তবে তিনি স্পষ্ট করেন, ওই টাকা সরাসরি তাঁকে না দিয়ে জনহিতের খাতে ব্যয় করা যেতে পারে। তিনি নিজেই সেই খাতগুলোর বিস্তারিত তালিকা দিয়েছেন।
তালিকায় রয়েছে —
-
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে (Chief Minister’s Relief Fund) ৪০ লক্ষ টাকা,
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসাতে ৫ লক্ষ,
-
রেডলাইট এলাকার শিশুদের শিক্ষার জন্য ৫ লক্ষ,
-
দিব্যাংশী ভৌমিকের প্রশিক্ষণ উন্নয়নে ৫ লক্ষ,
-
কোচবিহারে বিজেপি বিধায়কের ছেলের গুলিতে নিহত রাজু দে-র পরিবারের জন্য ৫ লক্ষ,
-
এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক খাতে অনুদানের প্রস্তাব।
বিজেপির পাল্টা দাবি, সার্থক শুধুই ছাত্র পরিষদের নেতা নন, আশুতোষ কলেজের (Ashutosh College) হেড ক্লার্ক, অথচ তাঁর নামে একাধিক ফ্ল্যাট, দামি গাড়ি এবং কালীঘাটে সম্পত্তি রয়েছে।
এই অভিযোগের জবাবে সার্থক কড়া বার্তা দিয়েছেন—”আমাকে ভয় দেখিয়ে থামানো যাবে না। মিথ্যা প্রচারে দমিয়ে রাখা যাবে না।” তৃণমূলও বিজেপির এই প্রচারকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করছে।
এই মামলা ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র তরজা শুরু হয়েছে। এখন দেখার, বিজেপি এই আইনি চাপের জবাব কীভাবে দেয়।
