রাজনীতি
তৃণমূল ঘনিষ্ঠ মনোজিতের হাতে কলেজে ‘সন্ত্রাস’, বিস্ফোরক অভিযোগ প্রথম বর্ষের ছাত্রীর
ডিজিটাল ডেস্কঃ আইন কলেজের (Law College) ছাত্রদের হাতে যখন গণধর্ষণের অভিযোগে গোটা রাজ্য স্তব্ধ, তখন একের পর এক ভয়ঙ্কর অভিজ্ঞতা জানিয়ে মুখ খুলছেন আরও পড়ুয়ারা। কসবা ল কলেজে (Kasba Law College) তৃণমূল ঘনিষ্ঠ ও প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র (Manojit Mishra) ঘিরে এবার বিস্ফোরক দাবি করলেন কলেজেরই এক প্রথম বর্ষের ছাত্রী।
ছাত্রীটির অভিযোগ, কলেজে ভর্তি হওয়ার কয়েক দিনের মধ্যেই টার্গেট করেছিলেন মনোজিৎ। বলেছিলেন, “তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, ইউনিয়নে যোগ দাও।” ছাত্রী সাফ জানিয়ে দেন, তিনি শুধুই পড়াশোনা করতে চান। এরপরই শুরু হয় চাপ, হুমকি ও অপমান। মনোজিৎ নাকি ক্লাসে ঢুকে শিক্ষকদের সামনেই ইশারায় কাউকে ডেকে নিয়ে যেতেন। এমনকি সবচেয়ে কঠোর শিক্ষকও কিছু বলতেন না।
আরও পড়ুনঃ বন্ধুর বাড়ি গিয়ে কিস্তির টাকা চাইতেই হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার!
ছাত্রীর অভিযোগ, “আমরা কোনও কিছু করতাম না, তবু আমাদের বলা হত — রণে বনে জলে জঙ্গলে বিপদে পড়লে আমাকেই পাবে! শিক্ষকেরা জানতেন, তবুও সবাই চুপ!” কলেজ কর্তৃপক্ষ সব কিছু জেনেও নীরব ছিলেন বলেই দাবি।
একই সঙ্গে আরও এক ছাত্রী অভিযোগ করেছেন, ২০২৩ সালে কলেজ পিকনিকে গেলে মনোজিৎ তাঁকে যৌন হেনস্থা করে। নিরাপত্তার বদলে আতঙ্কই ছিল নিত্যসঙ্গী — এমনটাই জানাচ্ছেন একাধিক পড়ুয়া। সব মিলিয়ে ‘আইন’ শেখার প্রতিষ্ঠান যেন হয়ে উঠেছে ভয়ের প্রতিচ্ছবি।
এই ঘটনায় এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রশ্ন উঠছে, এত কিছু ঘটে গেল — কেন চুপ সবাই? তদন্তে কি উঠে আসবে মনোজিৎ ও তার প্রভাবশালী গোষ্ঠীর অপরাধের বিস্তারিত চিত্র? প্রশ্ন থাকছেই।
