খুন
ওয়াকফ আন্দোলনে বাবা-ছেলের খুন: আদালতে চার্জশিট জমা দিল পুলিশ
ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ও ছেলেকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় চার্জশিট পেশ করল বিশেষ তদন্তকারী দল (SIT)। ঘটনার ৫৬ দিনের মাথায়, শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। ১৩ জনকে অভিযুক্ত হিসেবে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এবং সেসবের ভিত্তিতেই চার্জশিট প্রস্তুত করা হয়েছে।
তদন্তকারী অফিসাররা আদালতকে দ্রুত শুনানি শুরু করার আবেদন জানিয়েছেন। চার্জশিটে কারা কোথা থেকে গ্রেপ্তার হয়েছেন, কীভাবে তারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং ঘটনার পরে কীভাবে গা ঢাকা দিয়েছিলেন—সবই বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুনঃ শত্রু থেকে সহচর? শুল্ক ইস্যুতে উত্তাপ কমাতে উদ্যোগী আমেরিকা ও চিন
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন জাফরাবাদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সেদিন রাতে হরগোবিন্দ দাস (Hargobinda Das) ও তাঁর ছেলে চন্দন দাসকে (Chandan Das) বাড়ি থেকে টেনে বের করে এনে খুন করা হয়। এই ঘটনার পর রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন এক ডিআইজি (DIG) পদমর্যাদার আধিকারিক।
তদন্তে উঠে এসেছে যে, জমি সংক্রান্ত পুরনো বিবাদই এই হত্যাকাণ্ডের মূল কারণ। অভিযুক্তদের বেশ কয়েকজনকে মুর্শিদাবাদ ছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরে অভিযুক্তরা একপ্রকার লুকিয়ে পড়ে আত্মগোপন করেছিল। তাদের অবস্থান চিহ্নিত করে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
