ডিজিটাল ডেস্কঃ চরম দুর্দিন যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার (Neymar)। একের পর এক চোটআঘাতে জর্জরিত এই স্ট্রাইকার এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্যান্টোস (Santos) ক্লাবের তরফে বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, অনুশীলনে অনুপস্থিত থাকার পর নেইমারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বর, শরীরে ব্যথা এবং অন্যান্য উপসর্গ দেখা যাচ্ছিল তাঁর মধ্যে। তার পরেই করোনা পরীক্ষা করানো হয়, এবং রিপোর্টে মারণ ভাইরাস ধরা পড়ে। যদিও ক্লাব সূত্রে খবর, নেইমারের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। আগামী সোমবার ফের তাঁর করোনা টেস্ট করা হবে।
৩৩ বছর বয়সী নেইমারের জীবনে এই প্রথম নয়, এর আগেও করোনা আক্রান্ত হয়েছেন তিনি। দীর্ঘ চোটের কারণে প্রায় দেড় মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। গত ১৭ এপ্রিল ফের একবার চোট পান তিনি। এক সপ্তাহ আগেই ফের মাঠে নামার সুযোগ মেলে তাঁর, তবে সেই প্রত্যাবর্তনও দীর্ঘস্থায়ী হল না। ফের অসুস্থতার কারণে থমকে গেল তাঁর ছন্দে ফেরার লড়াই।
আরও পড়ুনঃ ওয়াকফ আন্দোলনে বাবা-ছেলের খুন: আদালতে চার্জশিট জমা দিল পুলিশ
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল (Al Hilal) ছেড়ে নিজের প্রথম ক্লাব স্যান্টোসে ফিরে আসেন নেইমার। ফিরে এসেই পুরনো ছন্দে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। সাতটি ম্যাচে তিনটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেন। এমনকি একটি কর্নার কিক থেকে সরাসরি গোলও ছিল তাঁর ঝুলিতে।
তবে সাফল্যের মাঝেই বারবার চোট ও অসুস্থতা যেন ছায়ার মতো লেগে রয়েছে তাঁর সঙ্গে। বার্সেলোনা (Barcelona) ছাড়ার পর থেকেই নেইমারের কেরিয়ারে বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। পিএসজি (PSG) থেকে আল হিলাল, আর এখন স্যান্টোস— কোথাওই নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারছেন না তিনি।
স্যান্টোসের বিবৃতি অনুযায়ী, “আমরা আশাবাদী নেইমার দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আবার মাঠে জাদু দেখাবেন।” এখন দেখার, নেইমার কবে ফিরতে পারেন পুরোনো রূপে। তবে আপাতত তাঁকে নিয়ে চিন্তায় ব্রাজিলীয় ফুটবল ভক্তরা।