আবহাওয়া
উত্তরে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণে গরমে নাজেহাল অবস্থা
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণবঙ্গে এখনই বর্ষার দেখা নেই। পশ্চিম এবং উত্তর-পশ্চিম ভারতের দিক থেকে বয়ে আসা শুকনো ও উষ্ণ হাওয়ার প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (Southwest Monsoon) গতি ব্যাহত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, নির্ধারিত সময় ১০ জুন পেরিয়ে তবে রাজ্যের দক্ষিণভাগে প্রবেশ করতে পারে বর্ষা। সম্ভাব্য তারিখ হিসেবে বিজ্ঞানীরা ১২ জুনকে (12th June) চিহ্নিত করছেন।
এর মধ্যে কলকাতা (Kolkata) ও সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। ‘হট অ্যান্ড হিউমিড’ পরিস্থিতির জেরে সকাল থেকে সন্ধ্যে— হাঁসফাঁস গরমে কষ্ট পাচ্ছেন রাজ্যবাসী। মঙ্গলবার ও বুধবার গরম আরও বাড়বে বলে পূর্বাভাস।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী তিন-চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity) রয়েছে ৫০ থেকে ৯১ শতাংশ।
তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বৃহস্পতিবার এই সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া (Gusty Wind) বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। তবু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করেছে। আজ, মঙ্গলবার দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ার (Alipurduar) এবং উত্তর দিনাজপুরে (North Dinajpur) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ (Malda), দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) সহ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জন্য নেই কোনো বড় স্বস্তির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলায় ভ্যাপসা গরম ও আর্দ্রতা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হলেও সেটি শুধু ক্ষণিকের স্বস্তি দিতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বেলা বাড়লে বাড়বে গরমের তীব্রতা ও অস্বস্তি।
এখনই ভারী বর্ষার সম্ভাবনা একেবারে নেই বলেই জানাচ্ছে আলিপুরের আবহাওয়া দফতর। শহর কলকাতার আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রা ২৯ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
