খেলার খবর
রোহিতের টেস্ট অবসর: অপমান এড়াতে আগে থেকেই ম্যাচ থেকে বাইরে!
ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান ঘটালেন রোহিত শর্মা (Rohit Sharma)। টেস্ট ক্রিকেটকে আচমকাই বিদায় জানালেন ভারত অধিনায়ক। আর তাঁর এই সিদ্ধান্ত ঘিরেই এখন সরগরম ক্রিকেট মহল। প্রশ্ন উঠছে—এই অবসর কি স্বেচ্ছায়, না কি দলে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই এই কঠিন সিদ্ধান্ত?
একদিকে রোহিতের অধিনায়কত্বে ভারত জয় করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, খেলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল। অন্যদিকে, টেস্ট ফর্মে একের পর এক ব্যর্থতা এবং অস্ট্রেলিয়া সফরের হতশ্রী পারফরম্যান্স তাঁকে ক্রমশ কোণঠাসা করছিল। সূত্রের খবর, ইংল্যান্ড সফরের জন্য তাঁকে আর বিবেচনা করতে রাজি ছিলেন না নির্বাচকরা। এমনকি, দু’দিন আগেই তাঁকে জানিয়ে দেওয়া হয়—এই সিরিজে তাঁর জায়গা নিশ্চিত নয়। সেইসঙ্গে নতুন অধিনায়ক বেছে নেওয়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয় দলের অন্দরে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে হোয়াইটওয়াশ, তার পর অস্ট্রেলিয়ায় আরও খারাপ ফল—এসবের জেরেই রোহিতের উপর চাপ বাড়তে থাকে। আইপিএলে (IPL) কিছুটা ফর্মে ফিরলেও তা নির্বাচকদের মন গলাতে পারেনি। ফলে বোর্ডের অন্দরেই আলোচনা শুরু হয় ভবিষ্যতের জন্য নতুন অধিনায়ক তৈরির। ইংল্যান্ড সফর থেকেই শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সাইকেল। এমন গুরুত্বপূর্ণ সফরে টিম ম্যানেজমেন্ট চাইছিল তরুণ নেতৃত্ব ও নতুন রক্ত।
এই পরিস্থিতিতে, ভারতীয় বোর্ডের তরফ থেকে রোহিতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়—তাঁকে দলে নেওয়ার বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। সূত্রের দাবি, এই বার্তাই যেন রোহিতের সিদ্ধান্তে চূড়ান্ত ছাপ ফেলেছে। তিনি বুঝতে পারেন, কেরিয়ারের অন্তিম পর্যায়ে এসে আর ‘অপমান’ সইতে চান না। টেস্ট দল থেকে বাদ পড়ার থেকে সম্মানজনক অবসরই পছন্দ করলেন হিটম্যান।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই রোহিত সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। এবার বিদায় জানালেন সাদা পোশাককেও। তবে তিনি এখনো ওয়ানডে খেলা চালিয়ে যেতে চান। জানা গিয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ (World Cup 2027) পর্যন্ত খেলার ইচ্ছা প্রকাশ করেছেন রোহিত। বোর্ড সূত্রে খবর, আপাতত তাঁকেই ওয়ানডে দলের অধিনায়ক রাখা হচ্ছে। এর ফলে বহুদিন পর তিন ফরম্যাটে তিন আলাদা অধিনায়ক পেতে চলেছে ভারতীয় ক্রিকেট।
ভারতীয় ক্রিকেটে ধোনির (MS Dhoni) পর সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বিবেচিত রোহিত শর্মার এই অবসর তাই কেবল খেলোয়াড়ী সিদ্ধান্ত নয়, বরং যেন এক ‘সতর্ক বার্তা’ও বটে—যে কোনও সময়, যে কোনও তারকার ক্ষেত্রেই জায়গা ধরে রাখা নিশ্চিত নয়।
