শান্তির বৈঠকে রক্তঝরা বিস্ফোরণ টিটিপি-র বদলায় কেঁপে উঠল পাকিস্তানের ওয়ানা
Connect with us

হামলা

শান্তির বৈঠকে রক্তঝরা বিস্ফোরণ টিটিপি-র বদলায় কেঁপে উঠল পাকিস্তানের ওয়ানা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ওয়াজিরিস্তানে ফের নেমে এল মৃত্যুর ছায়া। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বৈঠক চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের ওয়ানা শহর। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭ জনের প্রাণহানির খবর মিলেছে, আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্রের খবর, দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় স্থানীয় এক শান্তি কমিটির বৈঠক চলছিল। সেই সময় আচমকা প্রবল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বৈঠক চলাকালীন বহুতলের একাংশ ধসে পড়ে। মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পাক পুলিশের উচ্চপদস্থ আধিকারিক উসমান ওয়াজির জানান, ‘‘শান্তি আলোচনার মাঝেই ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।’’

আরও পড়ুনঃ চিনের ছত্রছায়ায় পাকিস্তান, পহেলগাঁও হামলায় ভারতের পাশে ট্রাম্প প্রশাসন

ঘটনার পর এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে তদন্তকারীরা সন্দেহ করছেন, সম্প্রতি বড়সড় ক্ষয়ক্ষতির মুখে পড়া তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র দিকেই। কারণ, রবিবারই উত্তর ওয়াজিরিস্তানের পাক-আফগান সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ৫৪ জন টিটিপি জঙ্গি নিকেশ হয়। তার ঠিক পরদিনই ঘটে এই বিস্ফোরণ, ফলে টিটিপির ভূমিকা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।

Advertisement
ads

দক্ষিণ ওয়াজিরিস্তান বরাবরই টিটিপি-র অন্যতম ঘাঁটি বলে পরিচিত। পাক প্রশাসনের বিরোধিতায় ওই অঞ্চলে শান্তি বজায় রাখতে স্থানীয় স্তরে একাধিক শান্তি কমিটি গঠিত হয়েছে। অতীতে এই কমিটিগুলির বিরুদ্ধে হামলার অভিযোগও রয়েছে টিটিপির বিরুদ্ধে। এ ছাড়া এই অঞ্চলের মধ্য দিয়েই গিয়েছে বেজিংয়ের মেগা প্রকল্প — চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC)। বহুবার সিপিইসি-র বিভিন্ন প্রকল্প ও চিনা নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে টিটিপি জঙ্গিরা, যার জেরে ইতিমধ্যেই বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তানের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি।

বর্তমানে গোটা ওয়াজিরিস্তানজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে পাক নিরাপত্তা বাহিনী। ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা জানতে ব্যাপক অভিযান শুরু হয়েছে। পরিস্থিতি ফের অশান্ত হয়ে ওঠার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

Continue Reading
Advertisement