পাকিস্তান
যাঁর হাতে বন্দি হয়েছিলেন অভিনন্দন, সেই পাক সেনা এবার খতম টিটিপি-র গুলিতে
ডিজিটাল ডেস্কঃ ২০১৯ সালে যিনি বন্দি করেছিলেন ভারতীয় বায়ুসেনার বীর অফিসার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman), ছ’বছর পর তিনিই খতম হলেন পাকিস্তানের মাটিতে। দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্ত্রাস দমন অভিযানে নিহত হলেন পাকিস্তানি সেনা কর্মকর্তা মইজ আব্বাস শাহ (Moiz Abbas Shah)। যাঁকে একসময় ভারতের জাতীয় বীরকে আটক করার মুখ্য ব্যক্তি বলে চিহ্নিত করা হয়েছিল।
পাকিস্তান সেনার এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর একাধিক জঙ্গির অবস্থানের তথ্য মেলে। কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে দুই পক্ষের মধ্যে। অভিযানে মোট ১১ জন জঙ্গিকে খতম করা হয়। কিন্তু সেই অভিযানে প্রাণ হারান দুই পাক সেনা। তাঁদের মধ্যে অন্যতম মইজ আব্বাস শাহ।
আরও পড়ুনঃ মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন জনকে ফাঁসি দিল ইরান, ৭০০-র বেশি গ্রেপ্তার
এই ঘটনাই ফের স্মরণ করিয়ে দিচ্ছে ২০১৯ সালের সেই উত্তপ্ত মুহূর্ত। পুলওয়ামা হামলার পর প্রতিশোধ নিতে ভারতের বায়ুসেনা অভিযান চালায় বালাকোটে। এরপর পাকিস্তানও পালটা আক্রমণের ছক কষে আকাশপথে ভারতের সীমান্ত লঙ্ঘন করে। সেইসময় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান নিজের মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানি এফ-১৬-কে ধাওয়া করে আকাশযুদ্ধে নামেন। সফলভাবে গুলি করে নামান পাক বিমান, কিন্তু নিজেও পাকিস্তানের ভূখণ্ডে পড়ে যান। বন্দি হন পাক সেনার হাতে। সেখানেই তাঁকে আটক করেন মইজ আব্বাস শাহ।
সারা ভারত ও আন্তর্জাতিক চাপের মুখে পড়ে অবশেষে অভিনন্দনকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান। এই ঘটনার পর থেকেই মইজ আব্বাস পাক সেনার ভিতরে এক গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন।
এবার সেই মুখ চিরতরে থেমে গেল জঙ্গিদের গুলিতে। যে সন্ত্রাসবাদকে একদিন কৌশলে ব্যবহার করত পাকিস্তান, সেই আগুনেই এখন পুড়ছে তাদের সেনা, বিশ্লেষণকারীরা এমনটাই বলছেন।
