দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বঙ্গোপসাগরে নিম্নচাপ, রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
Connect with us

Uncategorized

দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বঙ্গোপসাগরে নিম্নচাপ, রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এখন সুস্পষ্ট রূপ ধারণ করেছে। এর জেরে রাজ্যজুড়ে ফের ঘনাচ্ছে ঘোরতর মেঘ। সকাল থেকেই আকাশের মুখভার। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। পরবর্তী কয়েক দিন চলবে এই বৃষ্টির ধারা। এর ফলে কিছুটা স্বস্তি মিলবে রাজ্যবাসীর, কমবে তাপমাত্রাও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলে নিম্নচাপটি অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে এবং তারপর উত্তর-পূর্ব দিকে এগোবে। এর প্রভাবেই বাংলার বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে।

এই নিম্নচাপকে ঘিরে বাংলার ওপর একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে, যা দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে শুরু হয়ে বিহার পেরিয়ে পৌঁছেছে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এর ফলেই বুধবার রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আলাদা করে পাঁচটি জেলায় জারি হয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা— পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম। এই জেলাগুলির কিছু অংশে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
ads
Continue Reading
Advertisement