মালদা
সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি চাওয়ার অভিযোগ যুব তৃণমূল নেতার বিরুদ্ধে, অভিযুক্তকে ঘেরাও করে মারধোর গ্রামবাসীদের
নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ২৪ জানুয়ারী : আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠলো এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর ১নং ব্লকের হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের বাইসা রামনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে অতুল দাস নামে ওই উপভোক্তার কাছে জোর করে দশ হাজার টাকা নেয় সোনু ভাস্কর নামে ওই যুব তৃণমূল নেতা। ইতিমধ্যে বাড়ি তৈরিও শুরু করেছেন তিনি।এরপরেই শনিবার রাতে তার বাড়িতে গিয়ে দশহাজার টাকা দাবী করে ওই নেতা। অতুল দাস নামে ওই উপভোক্তা অভিযোগ করেছেন, এর আগেও দশহাজার টাকা নিয়েছে সোনু নামে ওই নেতা। আবারও সে দশহাজার টাকা দাবী করে। তাকে বেশীরভাগ টাকা তুলে দিলে কিভাবে ঘরের কাজ শেষ হবে। সরকারী কাজে টাকা চাওয়াটাও তো বেআইনি বলে দাবী করেছেন তিনি।এনিয়ে বচসা শুরু হলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরাও। কিকারণে সে রাতে ওই এলাকায় গিয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এলাকাবাসীরা। এরপরেই তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এমনকী তাকে মারধোরও করা হয়। যদিও এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কোন সরকারী কাজেই কেউ টাকা চাইতে পারেনা। ওই যুব নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যেই এই অভিযোগ আনা হয়েছে বলে দাবী যুব তৃণমূলের ব্লক সভাপতি জিয়াউর রহমানের। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুব নেতা সোনু ভাস্কর।
