রাজ্যের খবর
ঘর পেতে লাগবে কাটমানি! সমান পাল্লায় তৃণমূল আর বিজেপি নেতারা
নিউজ ডেস্ক : আবাস যোজনা ঘর পাওয়ার ক্ষেত্রে কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগের আঙ্গুল উঠেছে শাসকদলের বিরুদ্ধে। কিন্তু এবারে উলটপুরাণ মালদায়। আবাস যোজনায় কাটমানি চেয়ে না পাওয়ায় উপভোক্তাকে মারধোরের অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে।

কাটমানি চেয়ে না পাওয়ায় উপভোক্তাকে মারধোরের অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
জানা গিয়েছে , এলাকার বাসিন্দা সারিয়াম চৌধুরীর কাছে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্যে ২০হাজার টাকা কাটমানি চায় বিজেপি পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরী। কোনমতে টাকা জোগাড় করে টাকা দেয় সে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর ফের দ্বিতীয় কিস্তির জন্যে পঞ্চায়েত সদস্য টাকা দাবী করে বলে অভিযোগ। টাকা দিতে না পারায় তাকে মারধোর করা হয় বলে অভিযোগ। এঘটনায় হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ব্যক্তি।
এঘটনার নিন্দায় সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসনের কাছে আবেদন করেছেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার বিজেপির সদস্যের। বিজেপিকে কালিমালিপ্ত করতেই তৃণমূল এইধরনের চক্রান্ত করেছে বলে দাবী তার।
অন্যদিকে, দাবীমতো কাটমানি না মেলায় আবাস যোজনায় নির্মীয়মান বাড়ি রাতের অন্ধকারে ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ আঙ্গুল উঠেছে স্থানীয় শাসকদলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকায়। এলাকার বাসিন্দা সুদেব রায় আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরই বাড়ি নির্মাণ শুরু করেন। কিন্তু সেই কাজে পঞ্চায়েতের তৃণমূল সদস্য গণেশ রায় বাধা দেয় বলে অভিযোগ।

কাটমানি না পাওয়ায় নির্মীয়মান বাড়ি ভাঙচুর, অভিযোগ তৃণমূল সদস্যের বিরুদ্ধে
এমনকি কুড়ি হাজার টাকাও দাবী করা হয়।দাবীমত টাকা না পাওয়াতেই পঞ্চায়েত সদস্যের অনুগামীরা সোমবার রাতের অন্ধকারে উপভোক্তার নির্মীয়মান বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ । এই ঘটনায় পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুদেব রায়। অন্যদিকে এঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূল নেতৃত্বর তরফে জানানো হয়েছে, অভিযোগ দায়েরের পরে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ওই সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ দলগত ভাবে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে তৃণমূল নেতৃত্বর তরফে।
