মালদা
গোপনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার পুলিশের, ধৃত পাঁচ পাচারকারী
নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ২৩ জানুয়ারী : গোপনসুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে একটি গাড়িও।
শনিবার রাতে হরিশ্চন্দ্রপুরের আঙ্গারমণি এলাকা তাদের আটক করা হয়।পুলিশসুত্রে জানা গিয়েছে, কোচবিহারের দিনহাটা থেকে ওই পাঁচজন গাড়ি করে মালদায় আসছিল। গোপনে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুরের আঙ্গারমণি এলাকায় হানা দিয়ে ওই গাড়িটিকে আটক করা হয়।ধৃতরা হলো, ছোটোন নাগ, পলাশ দাস, বিশ্বনাথ বর্মন,বিধান দাস ও মন্টু বর্মন। এদের সকলের বাড়ি মালদা জেলার বিভিন্ন প্রান্তে। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩২কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়।মোট বাইশটি গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে। আটক গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।আটক করা হয়েছে তাদের সঙ্গে থাকা গাড়িটি। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় দাস জানিয়েছেন, গাঁজাগুলি পাঁচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ছোটন নাগ আগেও দু-বার গাঁজা পাচারের জন্য ধরা পড়েছে। আপাতত এই পাঁচ জনকে জেল হেফাজতে রেখেছে পুলিশ। আরো কেউ এই পাচার চক্রে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।
