দক্ষিণ দিনাজপুর
ভোটের ডিউটির আগেই নানা সমস্যায় জর্জরিত মহিলা ভোট কর্মীরা
নিজস্ব সংবাদদাতা, বুনিয়াদপুর, ১০ মার্চ: বিধানসভা নির্বাচনে অন্যান্য বারের তুলনায় ত্রিশ শতাংশ বুথ বৃদ্ধি পেয়েছে। ফলে বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর কলেজে গঙ্গারামপুর মহকুমার ৪৫০-র বেশি মহিলা ভোট কর্মী ট্রেনিং নেন।
বুনিয়াদপুর কলেজে প্রশিক্ষণ নিতে এসে অসুস্থ বোধ করেন শ্যামলী কর্মকার নামে এক মহিলা ভোট কর্মী। তিনি গাঙ্গুরিয়া অবৈতনিক প্রাথমিক স্কুলের শিক্ষিকা। প্রায় তিন মাস ধরে ব্রেন টিউমারে অসুস্থ তিনি। প্রশাসনের সমস্ত দুয়ারে ঘুরেও ভোটের ডিউটি থেকে ছাড়পত্র পাননি। প্রথমে বিদ্যালয় পরিদর্শক, পরে বিডিও এবং শেষে বালুরঘাট জেলা প্রশাসন পর্যন্ত দ্বারস্থ হয়েছিলেন। শেষে বিডিওর দফতর থেকে নির্দেশ আসে বুধবার প্রশিক্ষণ নিতে হবে। ফলে এদিন প্রশিক্ষণ চলাকালীন আচমকা অসুস্থ বোধ করলে তা প্রশাসনের নজরে আসে। অপরদিকে গঙ্গারামপুর নারায়নপুর জুনিয়র হাইস্কুলের শিক্ষিকা বীথি সরকার তার সাত মাসের শিশুকে নিয়ে প্রশিক্ষণে এসেছেন। তার স্বামীও ভোট কর্মী। পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। সাত মাসের শিশুকে বাবার কোলে দিয়ে এদিন প্রশিক্ষণ নিলেন বীথি দেবী। কয়েকদিন দিন আগে বিডিওকে সমস্যার কথা জানিয়েও কোনো লাভ হয়নি। এখন দেখার এই সাত মাসের শিশুকে কোথায় রেখে ভোটের দিন বাবা ও মা ভোটের ডিউটি করেন?
