দক্ষিণ দিনাজপুর
সোনার দোকানে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার ৭ সশস্ত্র ডাকাত
নিজস্ব সংবাদদাতা , বংশীহারী , ১১ মার্চ : বিধানসভা ভোটের মুখে অপরাধ দমনে কড়া ভূমিকা নিয়েছে নির্বাচন কমিশন৷ সজাগ রয়েছে পুলিশ প্রশাসনও। এই পরিস্থিতিতে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার পুলিশ।
ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড কার্তুজ, ধারালো অস্ত্রসহ একাধিক মোবাইল ফোন৷ পুলিশের অনুমান রাতের অন্ধকারে সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে বংশীহারী থানার নারায়ণপুর এলাকার একটি পেট্রোল পাম্পের পেছনে জড়ো হয়েছিল ডাকাত দলের সদস্যরা৷ এদের বাড়ি রশিদপুর, বড়াইল সহ বিভিন্ন এলাকায়৷ জানা গেছে বংশীহারি এলাকায় বেশ কিছুদিন ধরেই চুরি-ছিনতাই সহ নানা অপরাধ ঘটে আসছিল৷ তার প্রেক্ষিতেই সজাগ রয়েছে। উল্লেখ্য কিছুদিন আগে গঙ্গারামপুরের একটি শ্মশানঘাট এলাকা থেকে পাঁচ জনের এক ডাকাতকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
