ভাইরাল খবর
স্ত্রী প্রেমিকের সঙ্গে পালালেন, স্বামী করলেন ‘শ্রাদ্ধ
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১৯ বছরের সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন এক গৃহবধূ। প্রতারিত স্বামী স্ত্রীকে ‘মৃত’ বলে ঘোষণা করে তাঁর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করলেন। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের পরাশটলা গ্রামে এই ঘটনা ঘটে। বছর পঁয়ত্রিশের নিঃসন্তান গৃহবধূ গত ১৮ মার্চ তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। ঘটনাটি স্ত্রীর মোবাইলের মাধ্যমে জানতে পারেন অচিন্ত্য রায়, যিনি পেশায় রাজমিস্ত্রি। স্ত্রীকে ভুলতে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি, যাতে আত্মীয়-পরিজন ও গ্রামবাসীরা অংশ নেন।
অচিন্ত্য রায়ের সঙ্গে ১৯ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয় গৃহবধূর। সুখেই চলছিল সংসার। কিন্তু সন্তান না হওয়ায় কিছুটা আক্ষেপ ছিল। স্বামীর আয়ের সমস্ত টাকা স্ত্রীর অ্যাকাউন্টে জমা থাকত। অথচ, স্বামী কাজে গেলে গভীর রাতে ফোনে ব্যস্ত থাকতেন গৃহবধূ। বিষয়টি বুঝতে পেরে অচিন্ত্য তাঁকে শাসনও করেন, এমনকি শ্বশুরবাড়িতেও অভিযোগ জানান।
আরও পড়ুনঃপ্রেমের টানে ঘর ছাড়া স্ত্রী, রাগে উন্মত্ত স্বামীর কোপে মৃত্যু
অবশেষে একদিন অচিন্ত্য কাজ থেকে ফিরে দেখেন, স্ত্রী নেই। সঙ্গে গয়না, নতুন পোশাক ও ব্যাঙ্কের ৪০ হাজার টাকা নিয়ে পালিয়েছেন তিনি। পরে স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে ভিডিও বানিয়ে তা স্বামীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে জানান দেন নতুন জীবনের কথা। এতে অপমানিত বোধ করে অচিন্ত্য স্ত্রীকে ‘মৃত’ বলে ধরে নিয়ে শ্রাদ্ধানুষ্ঠান করেন। পুরো ঘটনায় গ্রামবাসীদের সমর্থন পেয়েছেন অচিন্ত্য। তাঁর কথায়, “পরিবারের সম্মান বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার স্ত্রী আর আমার কাছে নেই। তাই ওর জন্য প্রথা মেনে শ্রাদ্ধ করলাম।” পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, “এটি সতর্কবার্তা, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ না করেন।”
