বিশ্বের খবর
হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ, প্রতিশোধে অ্যাডমিনকে গুলি করে হত্যা!
ডিজিটাল ডেস্কঃ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফুঁসছিলেন আশফাক খান। আর সেই রাগের বশেই তিনি গুলি করে খুন করলেন গ্রুপ অ্যাডমিন মুস্তাক আহমেদকে! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়।
পুলিশের তদন্তে জানা গেছে, একটি বিষয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের মধ্যে মতবিরোধ হয়। গ্রুপ অ্যাডমিন মুস্তাক আহমেদ সেই বিষয়ে হস্তক্ষেপ করেন, যা আশফাকের পছন্দ হয়নি। এই নিয়ে দু’জনের মধ্যে তর্ক হয়। পরে, বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য মুখোমুখি সাক্ষাৎ করতে রাজি হন তাঁরা।
আরও পড়ুনঃ যাদবপুরে ভয়ংকর কাণ্ড! বাবার ধাক্কায় বারান্দা থেকে পড়ে গুরুতর আহত কিশোরী
তবে আশফাক যে ভয়ংকর কিছু পরিকল্পনা করছিলেন, তা ঘুণাক্ষরেও টের পাননি মুস্তাক! অভিযোগ, নির্দিষ্ট জায়গায় দেখা হতেই আশফাক আচমকা বন্দুক বের করে মুস্তাককে গুলি করেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুস্তাকের পরিবারের অভিযোগের ভিত্তিতে আশফাককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ার কারণেই কি এই হত্যাকাণ্ড, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে?
