প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্‌জীদা খাতুন
Connect with us

বিশ্বের খবর

প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্‌জীদা খাতুন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষাবিদ ও সংস্কৃতিসেবী সন্‌জীদা খাতুন আজ, ২৫ মার্চ ২০২৫, দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, নিউমোনিয়া এবং কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।

সন্‌জীদা খাতুন ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত। রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারে তাঁর ভূমিকা  অপরিসীম।

আরও পড়ুনঃনিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য

১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করা সন্‌জীদা খাতুন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবেই তিনি বিশেষ পরিচিতি পান। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Advertisement
ads

তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৮৮ সালে কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্র তত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করে। ২০২১ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত করে, যা বাংলাদেশে তাঁর বাড়িতে গিয়ে প্রদান করা হয়েছিল।

সন্‌জীদা খাতুনের মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। রমনা বটমূলে নববর্ষ উদযাপনের অন্যতম প্রাণ ছিলেন তিনি। মাত্র ১০ দিন পর তাঁর ৯২তম জন্মদিন উদযাপিত হওয়ার কথা ছিল। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গন যেন শূন্য হয়ে গেল।

Continue Reading
Advertisement