ভাইরাল খবর
সন্তানদের হোয়াটসঅ্যাপ চ্যাটে নজরদারি! মেটা আনল ‘পেরেন্ট ম্যানেজড অ্যাকাউন্ট’
ডিজিটাল ডেস্কঃ বর্তমান যুগে পড়াশোনার প্রয়োজনে ছোটবেলাতেই শিশুদের হাতে স্মার্টফোন (Smartphone) তুলে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। তবে মেসেজিং অ্যাপের (Messaging App) হাত ধরে খুদেরা যাতে কোনো ক্ষতিকর জিনিসের সংস্পর্শে না আসে, তার জন্য এবার বড় পদক্ষেপ নিল মেটা। ১৩ বছরের কম বয়সিদের নিরাপত্তার কথা ভেবে হোয়াটসঅ্যাপ নিয়ে এল ‘পেরেন্ট ম্যানেজড অ্যাকাউন্ট’ (Parent Managed Account) ফিচার।
হোয়াটসঅ্যাপের (WhatsApp) তরফে জানানো হয়েছে, এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা তাঁদের সন্তানদের চ্যাট হিস্ট্রি, নতুন কোনো নম্বর থেকে আসা রিকোয়েস্ট এবং গ্রুপ চ্যাটের ওপর সরাসরি নজরদারি (Surveillance) চালাতে পারবেন। শিশুদের এই বিশেষ অ্যাকাউন্টে মেটা এআই (Meta AI), স্টেটাস (Status) বা চ্যানেল (Channel)-এর মতো কোনো সুবিধা থাকবে না। এমনকি এতে ‘ভিউ ওয়ান্স’ (View Once) বা ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’-এর মতো অপশনও মিলবে না, যাতে সব তথ্যই মা-বাবার নজরে থাকে।
এই পরিষেবাটি চালু করতে হলে সন্তানের ডিভাইসে (Device) থাকা কিউআর কোডটি (QR Code) অভিভাবকের ফোন থেকে স্ক্যান করতে হবে। এছাড়াও সুরক্ষার জন্য একটি ৬-ডিজিটের পিন (Parent PIN) সেট করতে হবে। এর মাধ্যমে প্রাইভেসি সেটিংও (Privacy Settings) নিয়ন্ত্রণ করা যাবে। যখন সন্তানের বয়স ১৩ বছর পূর্ণ হবে, তখন অ্যাকাউন্টটিকে স্ট্যান্ডার্ড (Standard Account) করার জন্য নোটিফিকেশন (Notification) পাঠানো হবে। অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক সরকারের মতো বিভিন্ন প্রশাসন যখন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে কড়াকড়ি শুরু করেছে, ঠিক তখনই মেটার এই ডিজিটাল সুরক্ষা কবচ (Digital Safeguard) অভিভাবকদের অনেকটা স্বস্তি দিল।


