রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি পড়ার সুযোগ কোথায়? প্রশ্ন তুলে পথে আদিবাসীরা
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি পড়ার সুযোগ কোথায়? প্রশ্ন তুলে পথে আদিবাসীরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে (Raiganj University) সাঁওতালি বিভাগ চালুর দাবিতে বৃহস্পতিার রায়গঞ্জ শহরে বিক্ষোভে সরব হলেন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস-এর (United Forum of All Adivasi Organisations) উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এদিন শহরের শিলিগুড়ি মোড় থেকে বিশ্ববিদ্যালয় চত্বর পর্যন্ত মিছিল হয়। প্রায় দুই শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ সেই মিছিলে পা মেলান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহুবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লিখিতভাবে বিভাগ চালুর আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ক্ষোভ ছড়িয়েছে আদিবাসী সমাজে। তাঁদের দাবি, চলতি শিক্ষাবর্ষ থেকেই অবিলম্বে চালু করতে হবে সাঁওতালি ভাষার স্নাতক ও স্নাতকোত্তর পাঠক্রম।

আরও পড়ুনঃ মহাকাশ স্টেশনে সফলভাবে পৌঁছলেন শুভাংশু, সম্পূর্ণ হল ড্রাগনের ডকিং প্রক্রিয়া

এই মিছিলে নেতৃত্ব দেন জেলা কনভেনার দিলীপ কিসকু (Dilip Kisku), কানু মার্ডি (Kanu Mardi), বিপ্লব হাসদা (Biplab Hasda), সুমিত বাস্কে (Sumit Baskey), দীপক হাসদা (Deepak Hasda) ও সাবিত্রী মুর্মু (Sabitri Murmu) প্রমুখ।

Advertisement
ads

দিলীপ কিসকু জানান, “সারা রাজ্যে এখন সাঁওতালি ভাষায় প্রাথমিক, জুনিয়র এবং মাধ্যমিক স্তরে পড়াশোনা চালু রয়েছে। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলায় তেমন কোনও সুযোগ নেই। ফলে সাঁওতালি ভাষায় শিক্ষাপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বাইরে যেতে হচ্ছে। এই সমস্যা দূর করতেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে (Raiganj University) অবিলম্বে সাঁওতালি বিভাগ চালু করা জরুরি।”

মিছিল শেষে সংগঠনের তরফে উপাচার্যের দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আদিবাসী সংগঠনের হুঁশিয়ারি— দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।