উত্তর দিনাজপুর
কালিয়াগঞ্জে এসে তৃণমূলকে তোপ যোগীর
নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ০৭ এপ্রিল : আগামী ২২ শে এপ্রিল ষষ্ঠ দফায় নির্বাচন উত্তর দিনাজপুরে। তার আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের সমর্থনে জনসভায় এসে ঝড় তুললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
বুধবার বিকেলে কালিয়াগঞ্জ কলেজ সংলগ্ন ময়দানে তাঁর হেলিকপ্টার নামতেই দলের নেতা কর্মীদের ভিড় বাড়তে শুরু করে তাঁর সভা ঘিরে। এদিন মঞ্চে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির এই কট্টর হিন্দুত্ববাদী নেতা৷ মঞ্চে ঝাঁঝালো বক্তব্য রাখতে গিয়ে যোগী বলেন, বিগত দশ বছরে তৃণমূল কংগ্রেসের আমলে বাংলার সাড়ে সর্বনাশ হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে শিল্প এমনকি শিক্ষিত কর্মসংস্থানে ব্যর্থ হয়েছে তারা। তিনি বলেন, যেখানে দুর্নীতি সেখানেই তৃণমূল। চাল চুরি, কাটমানি, সিণ্ডিকেট নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। এদিন তিনি আরও বলেন, বাংলায় বিজেপির ক্ষমতায় আসতে আর ২৫ দিন বাকী আছে। তৃণমূলের গুণ্ডারা না শোধরালে পাতালেও লুকিয়ে থাকলে খুঁজে বের করবে বিজেপি৷ যারা গরীব মানুষের টাকা যারা খেয়েছে তাদেরকেও ছাড়া হবে না। গারদে পোরা হবে। তিনি বলেন,রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কৃষাণ নিধি সন্মান যোজনা লাগু করা হবে। এদিনের সভামঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, প্রার্থী সৌমেন রায় সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত লোকসভা ভোটের সময় রায়গঞ্জে তাঁর জনসভা করার কথা ছিল তাঁর। কিন্তু জনসভার মাঠে জল ঢেলে দেওয়ায় সেই সভা বাতিল হয়ে গিয়েছিল শেষমেশ।
