ভাইরাল খবর
OBC মামলা ঘিরে অনিশ্চয়তা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত MBBS-BDS ভর্তি
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে তৈরি হল নতুন অনিশ্চয়তা। স্বাস্থ্য ভবনের তরফে জারি করা নোটিশে জানানো হয়েছে, আপাতত এমবিবিএস (MBBS), এমডিএস (MDS) এবং বিডিএস (BDS) কোর্সের ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে। এর ফলে নিট (NEET) উত্তীর্ণ প্রায় ১১ হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে।
স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম জানান, ওবিসি (OBC) সংক্রান্ত মামলার আইনি জটিলতার কারণেই ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। উল্লেখযোগ্য, এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda) নির্দেশ দেন, ২০১০ সালের পর যে নতুন ওবিসি গোষ্ঠীগুলি সংযোজিত হয়েছে, তাদের তালিকা থেকে বাদ দিতে হবে। শুধুমাত্র পুরনো ৬৬টি গোষ্ঠী বিশেষ সংরক্ষণের সুবিধা পাবে। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, এবং আগামী ৯ সেপ্টেম্বর তার শুনানি হওয়ার কথা।
এই পরিস্থিতিতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “জরুরি নোটিশের নামে কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই WB NEET UG মেডিকেল ও ডেন্টাল কাউন্সেলিং স্থগিত করা হয়েছে। রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, “ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর হঠাৎ বন্ধ করা হল কেন? সংরক্ষণের আড়ালে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কি এই সিদ্ধান্ত?”
সবমিলিয়ে, ওবিসি মামলার জটিলতায় রাজ্যের চিকিৎসা শিক্ষার ভর্তি প্রক্রিয়া কার্যত আটকে পড়েছে। আদালতের নির্দেশ ও কেন্দ্র-রাজ্য রাজনৈতিক চাপানউতর—এই দুইয়ের মধ্যে পড়ুয়াদের ভবিষ্যৎ এখন ঝুলে আছে অনিশ্চয়তার অন্ধকারে।


