ভয়াবহ পথ দূর্ঘটনায় মৃত্যু হল দুজনের, গুরুতর জখম তিনজন
Connect with us

মালদা

ভয়াবহ পথ দূর্ঘটনায় মৃত্যু হল দুজনের, গুরুতর জখম তিনজন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ১১ জানুয়ারী : পিকনিক সেরে বাড়ি ফেরার পথে বোলেরো ও ডাম্পারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের। গুরুতর আহত হল তিনজন। রবিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার বাইপাস সংলগ্ন এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতরা হল রুম্পি দেবশর্মা ও মোজাহার আলী।

এরমধ্যে রুম্পি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ফতেপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে মোজাহার আলি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাসিন্দা।জানা গিয়েছে, কালিয়াগঞ্জের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সত্য দেবশর্মা তার পরিবার নিয়ে মালদার মায়াবন এলাকায় পিকনিকে এসেছিলো। এদিন বিকেলে পিকনিক সেরে বাড়ি ফেরার সময় পুরাতন মালদার বাইপাস এলাকায় তাদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মালদার দিক থেকে আসা একটি ডাম্পারের। দূর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় তাদের গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় সত্য দেবশর্মার বড় মেয়ে রুম্পি দেবশর্মার। দূর্ঘটনার আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দূর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানে গাড়িচালক মোজাহার আলিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দূর্ঘটনায় আহতরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দূর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।যদিও ডাম্পার চালক পলাতক।