মালদা
ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই বাইকারোহীর, জখম আরো এক সঙ্গী
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৩ জানুয়ারী : মোটর বাইক এবং ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের। আহত হয়েছে আরো একজন। মঙ্গলবার সন্ধ্যায় দূর্ঘটনাটি ঘটেছে চাঁচল থানার জিয়াগাছি এলাকায় চাঁচোল-সামসি রাজ্য সড়কে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম, মঞ্জুর আলম ও
দুলাল আলী। এদের মধ্যে মঞ্জুরের বাড়ি নদিসিক এলাকায় এবং দুলালের বাড়ি গৌড়িয়া এলাকায়।
জানা গিয়েছে, দুদিন আগেই চাঁচলের এক বেসরকারী নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দেন মঞ্জুর আলমের স্ত্রী আরজিনা খাতুন। এদিন সন্ধায় নার্সিংহোম থেকে স্ত্রীকে আনতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে আসছিলেন মঞ্জুর আলম। সেসময় জিয়াগাছি এলাকায় তাদের বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টোদিক আসা একটি ট্রাক্টরের। তড়িঘড়ি স্থানীয়রা তিন বাইক আরোহীকে উদ্ধার করে চাঁচল হাসপাতালে নিয়ে এলে মঞ্জুর আলম ও দুলাল আলিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে দূর্ঘটনায় গুরুতর জখম অপর এক বাইকারোহী মুন্না আলি বর্তমানে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। মনসুর আলম নামে তাদের এক আত্মীয় জানিয়েছেন, কয়েকদিন আগে এক কন্যাসন্তানের পিতা হয়েছে মঞ্জুর। তার স্ত্রী চাঁচলের এক নার্সিংহোমে ভর্তি রয়েছে। মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল তার স্ত্রীর। সেজন্য আত্মীয়দের কাছে প্রয়োজনীয় টাকা যোগাড় করে নিয়ে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে হাসপাতাল যাচ্ছিলো। সেসময় জিয়াগাছি তাদের বাইকের সঙ্গে ঘটে দূর্ঘটনা। অপরদিকে চাঁচল থানারভপুলিশ মৃতদেহদুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
