মালদা
ডাকাতি করার আগে বানচাল পরিকল্পনা, পুলিশী অভিযানে ধৃত তিন দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১২ জানুয়ারী : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জালনোট ও আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। সোমবার গভীর রাতে চাচল থানার সুজাপুর এলাকার একটি আমবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলো শ্রবণ লালা সিং, সন্তোষ কুমার সিং ও হরিপদ ঘোষ।
এদের মধ্যে শ্রবণলালা সিং ও সন্তোষ কুমার সিং বাড়ি বিহার রাজ্যের পূর্ণিয়া ও কাটিহার এলাকায়। অন্যদিকে হরিপদ ঘোষ চাঁচল থানার বিরস্থলি এলাকার বাসিন্দা। পুলিশসুত্রে জানা গিয়েছে, এদিন গোপনসুত্রে খবর আসে এলাকার এক আমবাগানে ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল সাত- আটজনের একটি ডাকাত দল। এরপরেই আমবাগানে অভিযান চালায় পুলিশ। সেসময় তিনজনকে আটক করতে পারলেও দলে থাকা বাকীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। সেসময় ধৃত তিনজনের কাছ থেকে ৮৫ হাজার টাকার জালনোট, দুটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপরে ধৃতদের নিয়ে আসা হয় থানায়। মঙ্গলবার ধৃতদের ১০দিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে বাকীদের উদ্দেশ্যে খোঁজ চালাচ্ছে পুলিশ।
