ভুয়ো বিল দাখিল করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে
Connect with us

মালদা

ভুয়ো বিল দাখিল করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১৩ জানুয়ারী : ভুয়ো বিল দাখিল করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠল বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকারই এক প্রশিক্ষণপ্রাপ্ত সুপারভাইজার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে।

উল্লেখ্য, বিজেপি পরিচালিত মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পদে রয়েছেন বিজেপি সদস্য পম্পা সরকার। তার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন লস্করপুর গ্রামের বাসিন্দারা। এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত সুপারভাইজার রুদ্র সাহা অভিযোগ করে বলেন , এম জি এন আর ই জি ই এস (MGNREGES) প্রকল্পে ১০০ দিনের কাজ না করে ১ লক্ষ ৩৮ হাজার টাকা ভুয়ো বিল দাখিল করে ওই পঞ্চায়েত প্রধান। ঘটনার প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীসহ সুপারভাইজারকে বলে অভিযোগ তাদের। এমতাবস্থায় প্রশাসন যাতে এই অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে দাবি করেছেন এলাকাবাসীরা। তবে গোটা ঘটনায় বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন মানিকচক ব্লকের তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান। তিনি বলেন, ওই প্রধান ভুল বুঝিয়ে মানুষের টাকা আত্মসাৎ করেছে। অবিলম্বে ওই প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ওই যুব তৃণমূল নেতা। যদিও সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সুজয় গোস্বামী। তাকে ফাঁসাতেই এই চক্রান্ত বলে দাবি করেছেন তিনি।