দেশের খবর
গালওয়ানের পর প্রথম ভারত সফরে শি! BRICS সম্মেলন ঘিরে জোর জল্পনা
ডিজিটাল ডেস্কঃ গালওয়ান উপত্যকার (Galwan Valley) রক্তক্ষয়ী সংঘর্ষের দীর্ঘ ছয় বছর পর অবশেষে ভারত সফরে আসতে চলেছেন চিনের (China) প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে (New Delhi) অনুষ্ঠিত হতে চলা ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। সর্বভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আমন্ত্রণে সাড়া দিয়েই এই সফরের প্রস্তুতি চলছে। যদিও এখনও পর্যন্ত নয়াদিল্লি বা বেজিং (Beijing)-এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
শি জিনপিং শেষবার ২০১৯ সালের অক্টোবরে ভারত সফরে এসেছিলেন। এরপর ২০২০ সালে গালওয়ান উপত্যকায় (Galwan Valley) সংঘর্ষের জেরে ভারত-চিন সম্পর্কের অবনতি ঘটে। সেই পরিস্থিতির পর এই সম্ভাব্য সফরকে কূটনৈতিক (Diplomatic) দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের সভাপতিত্বে BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। গত বছর এসসিও (SCO) সম্মেলনের ফাঁকে মোদি ও শি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে দুই রাষ্ট্রনেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেন। পরে ভারতের বিদেশ মন্ত্রক (MEA) জানায়, BRICS সম্মেলনে যোগ দেওয়ার জন্য শি জিনপিংকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে এবং চিনও ভারতের সভাপতিত্বকে সমর্থনের আশ্বাস দেয়।
এই সম্মেলনে রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও (Vladimir Putin) অংশ নিতে পারেন বলে আগেই জানিয়েছে ক্রেমলিন (Kremlin)। ফলে ভারত-রাশিয়া-চিন—এই তিন গুরুত্বপূর্ণ শক্তির উপস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ তাৎপর্য বহন করবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, সীমান্ত (LAC) ইস্যুতে অচলাবস্থা কাটাতে উচ্চপর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। শীঘ্রই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের (Ajit Doval) চিন সফরের সম্ভাবনাও রয়েছে। কূটনৈতিক মহলের মতে, শি জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফর শুধু BRICS সম্মেলনেই সীমাবদ্ধ থাকবে না, বরং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াতেও নতুন গতি আনতে পারে।
