ভাইরাল খবর
অ্যাম্বুলেন্স পেতে আর হয়রানি নয়! মোবাইল অ্যাপেই বুকিংয়ের পরিকল্পনা
ডিজিটাল ডেস্কঃ রোগীকে দ্রুত হাসপাতালে (Hospital) পৌঁছে দিতে এবং অ্যাম্বুলেন্স (Ambulance) পরিষেবা আরও সহজ করতে অ্যাম্বুলেন্স বুকিং অ্যাপ (Ambulance Booking App) চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছে। শনিবার বালুরঘাট স্টেডিয়ামে আয়োজিত ‘রাইস অফ এ নিউ বেঙ্গল’ (Rise of a New Bengal) অনুষ্ঠানে বিজেপির রাষ্ট্রবাদী চিকিৎসক সেলের (Doctors’ Cell) রাজ্য কনভেনর ডাঃ গৌরাঙ্গ চন্দ্র সাহা জানান, ভবিষ্যতে ক্যাব (Cab) বুকিংয়ের মতো মোবাইল অ্যাপ (Mobile App) থেকেই অ্যাম্বুলেন্স ডাকা যাবে।
তিনি বলেন, বর্তমানে বহু রোগীর পরিবারকে একটি অ্যাম্বুলেন্সের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হয়। অনেক ক্ষেত্রে স্থানীয় নেতা বা ক্লাবের প্রভাবশালীদের সাহায্য নিতে হয়, এমনকি অতিরিক্ত ভাড়াও (Extra Fare) গুনতে হয়। এই সমস্যার সমাধান করতেই নতুন ডিজিটাল পরিষেবা আনার পরিকল্পনা করা হয়েছে।
ডাঃ গৌরাঙ্গ চন্দ্র সাহার দাবি, নতুন অ্যাপ চালু হলে রোগীর পরিবারের সদস্যরা সরাসরি মোবাইল থেকেই অ্যাম্বুলেন্স বুক করতে পারবেন। বুকিং নিশ্চিত হওয়ার পর অ্যাম্বুলেন্স রোগীর বাড়ির দরজায় পৌঁছে যাবে। এর ফলে যেমন দ্রুত পরিষেবা মিলবে, তেমনই সরকার নির্ধারিত ভাড়ার (Government Fixed Fare) বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, “একজন রোগীর জন্য প্রথম প্রয়োজন অ্যাম্বুলেন্স। কিন্তু অনেক সময় সেটি পেতে এলাকার নেতা বা ক্লাবের দাদাদের ধরতে হয়। অতিরিক্ত টাকাও দিতে হয়। এই হয়রানি বন্ধ করতেই খুব দ্রুত এই অ্যাপ আনার উদ্যোগ নেওয়া হবে।”
বালুরঘাটে আয়োজিত এই কনভেনশনে ডাঃ কল্যাণ আশীষ মুখোপাধ্যায়, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, কুশমণ্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার-সহ চিকিৎসক ও দলের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
উদ্যোগটি বাস্তবায়িত হলে জরুরি স্বাস্থ্য পরিষেবায় (Emergency Health Service) প্রযুক্তির (Technology) ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স পরিষেবায় স্বচ্ছতা (Transparency) ও সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলেও দাবি করা হয়েছে।
