ফের মহিলা নির্যাতনে তৃণমূল নেতা! ভাইরাল ভিডিয়ো ঘিরে অস্বস্তিতে শাসক দল
Connect with us

ভাইরাল খবর

ফের মহিলা নির্যাতনে তৃণমূল নেতা! ভাইরাল ভিডিয়ো ঘিরে অস্বস্তিতে শাসক দল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের তৃণমূল কংগ্রেসকে (TMC) কেন্দ্র করে বিতর্ক—এবার অভিযোগ মহিলাদের উপর শারীরিক নিগ্রহের! কসবা আইন কলেজ কাণ্ডে তৃণমূল ছাত্রনেতার নাম উঠে আসার পর, এবার আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটায় (Falakata) দলীয় পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে উঠল নারীদের মারধরের ভয়ঙ্কর অভিযোগ।

যে দল রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের কথা বলে, সেই দলের নেতার হাতেই রাস্তায় নিগৃহীত মহিলা নাগরিকরা—ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।

অভিযোগের তীর কুঞ্জননগরের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর (Asit Kar) ও অর্জুন দাস (Arjun Das)-এর দিকে। অভিযোগ, সরকারি প্রকল্পের নামে স্থানীয় বাসিন্দাদের মতামত না নিয়ে জোর করে কাজ শুরু করলে প্রতিবাদে সরব হন গ্রামের একদল মহিলা। অভিযোগ, তখনই তাঁদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ ছোঁড়েন দুই নেতা। শুধু কথার মারপ্যাঁচেই নয়, ভিডিওতে দেখা গিয়েছে, পঞ্চায়েত সদস্য অসিত কর প্রকাশ্য রাস্তায় এক বয়স্ক মহিলাকে লাথি মেরে ফেলে দিয়েছেন মাটিতে এবং অন্য মহিলাদের ওপর ও হাত চালাতে দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ কাটোয়ায় বিস্ফোরণে মৃত্যু, তৃণমূলের বহিষ্কৃত নেতার দিকে অভিযোগের আঙুল

Advertisement
ads

ঘটনার পরেই ভাইরাল হওয়া ভিডিওটি প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন (Dipak Barman)। তারপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তা শেয়ার করে তৃণমূলের ‘নারী সম্মান’ নিয়ে কটাক্ষ করেন।

Advertisement
ads

বিজেপি নেতাদের অভিযোগ, ‘‘এই রাজ্যে তৃণমূলের একাংশ দাদাগিরি করতে করতে এখন মহিলাদের গায়ে হাত তুলতে দ্বিধা করছে না। প্রশাসনকে হাতের মুঠোয় রেখে যা খুশি তাই করছে ওরা।’’

ইতিমধ্যেই ফালাকাটা থানায় অভিযুক্তদের নামে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও ঘটনার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বরং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমি কিছু শুনিনি, তবে বিজেপি আগে উত্তরপ্রদেশে মহিলাদের কী হয় সেটা নিয়ে বলুক।”

তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠছে, মহিলা সম্মান রক্ষার কথা বলা দল কি আদৌ এই ঘটনায় দোষীদের শাস্তি দেবে? নাকি কসবার মতো এখানেও চলবে মুখ রক্ষা?

২১ জুলাইয়ের শহিদ দিবসের আগে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় চাপ বাড়ছে শাসক শিবিরে। তৃণমূলের ‘দাদা সংস্কৃতি’ যে বাংলার মেয়েদের জন্য আজ ভয়ানক এক আতঙ্কে পরিণত হয়েছে, তা একাধিক ঘটনা ফের প্রমাণ করে দিল বলেই মত বিরোধীদের।

Advertisement
ads